আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চললেও এর নবায়ন নিয়ে নতুন কোনো আশার আলো বা সুস্পষ্ট ইঙ্গিত দেয়নি ভারত। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল চুক্তির ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েন। তবে আলোচনার অগ্রগতি কিংবা উচ্চপর্যায়ের কোনো তৎপরতা নিয়ে নতুন কোনো তথ্য জানাননি তিনি।
বরং আগের ব্রিফিংগুলোতে দেওয়া অবস্থানেই অটল থাকার কথা জানান জয়সওয়াল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো স্পর্শকাতর বিষয়েও একই ধরনের অস্পষ্টতা ও পুরোনো অবস্থান বজায় রাখেন তিনি।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসা এবং নবায়নের বিরোধিতায় বিভিন্ন মহলের সরব অবস্থানের মধ্যে দুই দেশের আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, গঙ্গাসহ অভিন্ন নদী ও পানিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে রয়েছে।
তিনি আরও বলেন, ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য জেআরসি বৈঠক নিয়েও প্রশ্ন ওঠে। ওই বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি তা কেবল কারিগরি পর্যায়ের আলোচনায় সীমাবদ্ধ থাকবে—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কাছে নতুন কোনো তথ্য নেই। তবে খোঁজ নিয়ে পরবর্তীতে জানাতে পারবেন।
ফলে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট আশ্বাস বা নতুন অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |