| বঙ্গাব্দ

উপকূলের তেল-গ্যাসে ইতালীয় বিনিয়োগ চাইলেন স্পিকার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-09-2026 ইং
  • 18998 বার পঠিত
উপকূলের তেল-গ্যাসে ইতালীয় বিনিয়োগ চাইলেন স্পিকার
ছবির ক্যাপশন: ইতালীয় বিনিয়োগ চাইলেন স্পিকার

উপকূলের তেল-গ্যাসে ইতালীয় বিনিয়োগ চাইলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। রোববার (২০ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় কূটনীতি, অভিবাসন, রোহিঙ্গা সংকট এবং জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্পিকার বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে ইতালি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সূচনা হয়। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম বড় বাজার বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ ও বৈধ অভিবাসনের বিষয়ে ইতালির সহযোগিতার কথাও বৈঠকে উঠে আসে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে ইতালির আর্থিক সহায়তার বিষয়টি উল্লেখ করেন স্পিকার।

এ সময় বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি এবং ইতালির বিভিন্ন যন্ত্রপাতি ও মেশিনারির বাংলাদেশে বাজার নিয়েও আলোচনা হয়। দুই দেশের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও কৌশলগত পর্যায়ে বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

অন্যদিকে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, বাংলাদেশ ইতালির দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশের সঙ্গে সংসদীয় সম্পর্ক আরও জোরদারে ইতালি আগ্রহী। এ লক্ষ্যে দুই দেশের সংসদের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি। 


রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও সিরামিকসহ বিভিন্ন পণ্য ইতালিতে রপ্তানি হয়ে থাকে।

বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, রোহিঙ্গা সংকটের সমাধান এবং বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান ও কূপ খননের বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের উপকূলীয় এলাকায় থাকা তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে ইতালির বাণিজ্যিক কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান স্পিকার।

বৈঠকে ইতালির দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস, ইউএনবি

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency