রাজশাহীর আদালত চত্বরে আসামিদের হামলায় ইয়ামিন আলী নামে এক আইনজীবী গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত লোকজন চার হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আহত আইনজীবীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামের বাসিন্দা আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে একই গ্রামের কয়েকজনের বিরোধ চলছিল। কিছুদিন আগে প্রতিপক্ষের লোকজন তার হাত ভেঙে দেন। এ ঘটনায় তিনি তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেন।
রোববার দুপুরে ওই মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন পান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জামিন পাওয়ার পর তারা আদালত ভবনের সামনে অপেক্ষা করছিলেন। ইয়ামিন আলী আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরে হামলা চালানো হয়।
হামলায় কিল-ঘুসি, লাথি ও ইটের আঘাতে তার মাথা ফেটে যায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত আইনজীবী সহকারী ও সাধারণ মানুষ চারজনকে আটক করে মারধর করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন ইয়ামিন আলী অভিযোগ করেন, আগের মামলায় জামিন পাওয়ার পর আসামিরা তাকে মারার উদ্দেশ্যে আদালত চত্বরে অপেক্ষা করছিলেন। ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা তার ওপর অতর্কিত হামলা চালান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। এতে আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি হালকাভাবে নেওয়া হচ্ছে না। প্রয়োজনে সমিতির পক্ষ থেকে মামলা করা হবে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর সন্ধ্যার পর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |