প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। সোমবার দ্বিতীয় দিনের খেলায় টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতকের দেখা পান তিনি। নিজের এই সেঞ্চুরি মেয়ের জন্মদিনে উৎসর্গ করেছেন লিটন।
সেঞ্চুরি পূর্ণ করার পর হেলমেট খুলে দর্শকদের সামনে একটি কাগজ তুলে ধরেন তিনি। সেখানে লেখা ছিল, ‘Happy Birthday my Princess, This 100 for you’। অর্থাৎ, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই শতক তোমার জন্য।’
এর আগে প্রথম দিনের খেলা শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে একটি ছক্কা হাঁকিয়ে শতকের মাইলফলক স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটার।
লিটনের এই সেঞ্চুরির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাওহীদ হৃদয়ের সঙ্গে তাঁর দুর্দান্ত জুটি। প্রথম দিনের শুরুতে কাগিসো রাবাদার বোলিং তোপে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। পরে তানজিদ হাসান ও তাওহীদ হৃদয় চতুর্থ উইকেটে যোগ করেন ৯৯ রান।
তানজিদ ৬৭ রান করে ফিরে যাওয়ার পর পরপর দুই বলে তানজিদ ও মুশফিকুর রহিমকে আউট করেন রাবাদা। এতে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে বাংলাদেশ।
এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন লিটন। দুজন মিলে ষষ্ঠ উইকেটে গড়েন ২০৬ রানের জুটি, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
২২৭ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১৩৭ রান করে প্রথম দিনের শেষ বলে আউট হন হৃদয়। অন্যদিকে, দিন শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। তাঁর সেই ইনিংসই দ্বিতীয় দিনে সেঞ্চুরিতে রূপ নেয়।
হৃদয়ের ১৩৭ রান ও লিটনের সেঞ্চুরিতে প্রথম দিনের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |