কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনার প্রতিবাদে নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি পালন করা হবে। এ সময় দেশের ৬৪টি জেলা ও ১৩টি মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
এনসিপির অভিযোগ, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে শুরুতে সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ হিসেবে বিবেচনা করা হলেও হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা বাড়তে থাকায় বিষয়টি এখন আরও গুরুত্বের সঙ্গে দেখছে দলটি।
দলটির ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের রায় বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে আওয়ামী লীগের বিচার দাবি করে আসছে। তবে বর্তমানে কয়েকজন ব্যক্তির বিচার হলেও সামগ্রিক বিচারপ্রক্রিয়া ধীরগতিতে চলছে বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক ঐক্যের বিষয়ে আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্য কীসের ভিত্তিতে হবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশের যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্য গড়ার প্রয়োজনীয়তা অনুভব করে এনসিপি।
এদিকে, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও হাসপাতালে হামলার ঘটনায় গত কয়েক দিনে বাসচালকসহ পাঁচ থেকে ছয়জন নিহত হয়েছেন। জনগণ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের তৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সোচ্চার থাকার কথাও জানান তিনি।
বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হন। এ ছাড়া দলের জ্যেষ্ঠ নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতারা অংশ নেবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |