প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
অস্ট্রেলিয়া থেকে ফিরে মিরপুরে বোলিংয়ে নিজের পুরোনো ছন্দের আভাস দিয়েছেন নাহিদ রানা। তবে মাঠে ফেরার আগে তার পুরোপুরি ফিটনেস নিশ্চিত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের জন্য এই পেসারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মেডিক্যাল বিভাগের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন নির্বাচকরা।
গত মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন নাহিদ রানা। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ম্যাচ খেলার আগে বোলিংয়ের ধকল নেওয়ার সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।
দেশে ফিরে মিরপুরের অ্যাকাডেমি মাঠে গত দুই দিন বোলিং করেছেন তিনি। তার বোলিং দেখে আশাবাদী হওয়ার মতো কিছু লক্ষণ মিললেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
প্রাথমিকভাবে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, আগামী ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেন নাহিদ। তবে পেসার হাসান মাহমুদের চোটে পরিস্থিতি বদলে গেছে।
ওয়ান্ডারার্সে প্রথম টেস্টে পুরোনো টেনিস এলবো সমস্যায় ভুগে দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন হাসান মাহমুদ। এ অবস্থায় নাহিদকে দ্রুত ফেরানোর সম্ভাবনা থাকলেও ঝুঁকি নিতে চায় না বিসিবি।
নির্বাচক প্যানেলের এক সদস্য এ প্রসঙ্গে বলেন, ‘আমরা নাহিদের জন্য অপেক্ষা করছি। ওয়ানডে দল ঘোষণার আগে আরও কিছু বিষয় বিবেচনায় রয়েছে। নাহিদ খেলতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত মেডিক্যাল বিভাগের ওপর নির্ভর করছে। আমরা এখনো তাদের প্রতিবেদনের অপেক্ষায় আছি।’
বিসিবির মেডিক্যাল বিভাগের সূত্র অনুযায়ী, চলতি মাসের শেষ পর্যন্ত বোলিংয়ের ধকল নেওয়ার সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে নাহিদকে। এ সময়ে বোলিং করতে গিয়ে ব্যথা বা অস্বস্তি দেখা দিলে পুনর্বাসনের সময় বাড়তে পারে।
যদিও গত বৃহস্পতিবার নাহিদ জানিয়েছিলেন, ঢাকা ফেরার আগেই অস্ট্রেলিয়ায় পূর্ণ গতিতে বোলিং শুরু করেছিলেন তিনি।
এদিকে হাসান মাহমুদের চোট ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের সময়ই তার কনুইয়ের পুরোনো সমস্যা ফিরে এসেছিল। এরপরও তাকে আরও তিনটি টেস্ট খেলানো হয়।
হাসান মাহমুদের অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণে বাড়তি দায়িত্ব থাকবে অন্য বোলারদের ওপর। নাহিদকে পাওয়া গেলে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই পেস বিভাগ শক্তিশালী হবে। তবে পুরোপুরি ফিট না হলে তাকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চায় না বোর্ড।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |