প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে হত্যাকাণ্ডের চার দিন পর নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ওই রাতে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের কয়েকশ সমর্থক সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা অগ্নিসংযোগ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ সময় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনার সময় বাড়ি ফিরছিলেন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। পথে হামলাকারীদের সামনে পড়লে তাকে আটক করে মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, হামলাকারীরা রাজু মোল্লাকে পিটিয়ে হত্যা করেন এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেন। এ হত্যাকাণ্ডের পর ভাঙ্গা উপজেলাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরদিন ১৯ নভেম্বর ফরিদপুর-বরিশাল মহাসড়কে রাজু মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বাকপুরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম স্বামী হত্যার বিচার দাবি করে বলেন, তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান।
এদিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রাজু মোল্লার পরিবারের দায়িত্ব তিনি নিয়েছেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদেরও অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ থেকে অতিরিক্ত প্রায় ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি ভাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং আনসার সদস্যরা টহল দিচ্ছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ভাঙ্গা উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |