আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক আর্থিক বাজারে প্রকৃত স্বর্ণের লেনদেন ও ব্যবহার সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, এ ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়েছে বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসি, জেপি মরগ্যান ও স্টোনএক্স।
‘পুলড গোল্ড ইন্টারেস্টস’ নামের একটি মাধ্যম ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো আইনগতভাবে বাধ্যতামূলক লেনদেনের মাধ্যমে প্রকৃত স্বর্ণের আংশিক মালিকানা কেনাবেচা, নিষ্পত্তি ও জামানত হিসেবে ব্যবহারের কার্যক্রম সম্পন্ন করেছে।
এই প্রকল্পে পরিচালকের দায়িত্ব পালন করেছে আইসিই বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেশন। অন্যদিকে, প্রযুক্তিগত সহায়তা দিয়েছে ব্যাটন সিস্টেমস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড টেইট বলেন, স্বর্ণের বাজারের জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। প্রকৃত মালিকানার ওপর আস্থা বজায় রাখার পাশাপাশি আধুনিক আর্থিক বাজারে স্বর্ণ ব্যবহারের নতুন সুযোগ তৈরি করবে এই ব্যবস্থা। পুরো শিল্পখাতের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এমন অগ্রগতি সম্ভব।
এদিকে, যুক্তরাজ্যের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ) পাইকারি বাজারে জামানতসহ বিভিন্ন ক্ষেত্রে টোকেনাইজড স্বর্ণের ব্যবহার নিয়ে সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করছে। এমন সময়ে ডিজিটাল ব্যবস্থাটির পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হওয়াকে স্বর্ণবাজারের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সমান্তরাল এসব উদ্যোগ বৈশ্বিক স্বর্ণবাজারের অবকাঠামোগত উন্নয়নে লন্ডনের অবস্থান আরও শক্তিশালী করতে পারে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ‘হোলসেল ডিজিটাল গোল্ড’ উদ্যোগটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি প্রচলিত স্বর্ণ নিষ্পত্তি ব্যবস্থার বিকল্প হিসেবে নয়, বরং বিদ্যমান ব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |