দৃষ্টিপ্রতিবন্ধকতা যে অদম্য ইচ্ছাশক্তি ও সাধনার কাছে হার মানে, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বান্দরবানের লামা উপজেলার শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন। নুরুল আলম মাদ্রাসা ও দিলওয়ারা হেফজখানা ও এতিমখানার এই শিক্ষার্থী উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্যের পর বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে। এবার তার লক্ষ্য জাতীয় পর্যায়ে ভালো ফলাফল করা।
হোসাইনের এই সাফল্যের পেছনে রয়েছে তার অদম্য সাধনা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের ত্যাগ। মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকরা জানান, চোখে দেখতে না পেলেও পবিত্র কুরআনের আয়াত মুখস্থ করার ক্ষেত্রে হোসাইনের মনোযোগ ও মেধা প্রশংসনীয়।
হোসাইনের পরিবারের জীবনেও রয়েছে সীমাহীন সংগ্রামের গল্প। তার বাবা জানান, তিন সন্তানের মধ্যে দুই ছেলেই বিশেষ চাহিদাসম্পন্ন। ছোট মেয়ের ভবিষ্যৎ নিয়েও রয়েছে তাঁর দুশ্চিন্তা। সামান্য আয়ে টমটম চালিয়ে কোনোমতে সংসার চালান তিনি। তবে আর্থিক অনটন ও শারীরিক সীমাবদ্ধতা কখনোই সন্তানদের প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্ববোধে বাধা হয়ে দাঁড়ায়নি।
আবেগাপ্লুত কণ্ঠে হোসাইনের বাবা বলেন, ‘শত কষ্টের মধ্যেও সন্তানদের কখনো বোঝা মনে করিনি। আজ আমার ছেলে কুরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে তৃতীয় হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে—এটা আল্লাহর অশেষ রহমত। দেশবাসীর কাছে আমার সন্তানের জন্য দোয়া ও সহযোগিতা চাই।’
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও মোহাম্মদ হোসাইন উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে পৌঁছেছে। এটি লামা উপজেলার জন্য অত্যন্ত গর্বের বিষয়।
তিনি বলেন, প্রতিবন্ধকতা যে মেধা ও সাধনার পথে অন্তরায় হতে পারে না, হোসাইন তার জীবন্ত উদাহরণ। তার এই সাফল্যে শিক্ষক ও পরিবারের অবদান প্রশংসনীয়। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উৎসাহ দেওয়া হবে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |