| বঙ্গাব্দ

পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 61894 বার পঠিত
পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ
ছবির ক্যাপশন: পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন

রংপুর পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ২৫

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও বহিরাগতদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদ পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

প্রায় ১৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ডিবি পুলিশের প্রহরায় কক্ষ থেকে বের হওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে হামলা চালান। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও নগর কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগতদের শান্ত করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তার চেষ্টা ব্যর্থ হয়। এ সময় তিনি পুলিশকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

ক্যাম্পাস ও পুলিশ সূত্রে জানা যায়, অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদের বিরুদ্ধে দলীয় পক্ষপাতিত্ব, নবীনবরণ অনুষ্ঠানের অনুমতি না দিয়ে বহিরাগতদের মাঠ ব্যবহারের সুযোগ দেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামে বিতর্কিত মন্তব্য করা, নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ তুলে দুই দিন ধরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যার পর আন্দোলনকারীরা আরও মারমুখী হয়ে ওঠেন। একপর্যায়ে রাত ১১টার দিকে অধ্যক্ষকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।

সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সবুজ বলেন, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন ছিল। তবে শিবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষক-কর্মচারীদের জিম্মি করে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, রাতে ডিবি পুলিশ অধ্যক্ষকে সরিয়ে নেওয়ার সময় শিবিরের কর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের সহযোগিতা করতে গেলে ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় সাতজন আহত হন।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন মহানগর ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসেন। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শিবিরের নীতিগত সমর্থন ছিল। তবে ক্যাম্পাসে সংঘর্ষ ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী এবং বিএনপি-সমর্থিত বহিরাগতরা জড়িত বলে অভিযোগ করেন তিনি।

সাজ্জাদ হোসেনের দাবি, বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালালে শিক্ষার্থীরা তা প্রতিহত করেন। এতে সাধারণ শিক্ষার্থীদের প্রায় ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সঙ্গে শিবিরের কোনো নেতাকর্মী জড়িত নন বলেও দাবি করেন তিনি।

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান বলেন, সাধারণ শিক্ষার্থীদের আড়ালে দিনভর শিক্ষক ও কর্মচারীদের জিম্মি করে রাখা হয়েছিল। রাতে ক্যাম্পাসে কিছু অপরিচিত ব্যক্তি অস্ত্র নিয়ে অবস্থান করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, পুলিশ অধ্যক্ষকে নিরাপদে সরিয়ে আনতে গেলে বাধা দেওয়া হয় এবং পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ক্যাম্পাসে যেন আর কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency