| বঙ্গাব্দ

ছাত্র সংসদের নেতাদের বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস শফিকুর রহমানের

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-11-2026 ইং
  • 78379 বার পঠিত
ছাত্র সংসদের নেতাদের বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস শফিকুর রহমানের
ছবির ক্যাপশন: ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক: ছাত্র সংসদের নেতাদের বিয়ের বয়স হয়েছে মন্তব্য করে তাদের বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুধু বিয়ের আয়োজন নয়, ভালো পরিবারে তাদের বিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

একই সঙ্গে তরুণ ছাত্রনেতাদের প্রচলিত চাকরির পেছনে না ছুটে নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ছাত্র সংসদের নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন এবং জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে জামায়াতের ভূমিকা সম্পর্কে জানতে চান। পাশাপাশি ব্যক্তিগত পরামর্শের অংশ হিসেবে ছাত্রনেতাদের বিয়ের বিষয়টিও তুলে ধরেন তিনি।

এ প্রসঙ্গে মিনহাজ জানান, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ক্যারিয়ার সম্পাদক মাজহার বয়সে কিছুটা সিনিয়র। তারা নিয়মিত এসে বিয়ের জন্য অনুরোধ করেন। এ বিষয়ে জামায়াত আমিরের পরামর্শ চান তিনি।

জবাবে উপস্থিত ছাত্রনেতাদের আগাম শুভেচ্ছা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তাদের বিয়ের বয়স হয়েছে। এবার বিয়ে-শাদি করার সময় এসেছে।

এ সময় অধ্যাপক গোলাম আযমের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিয়ে কেবল আনন্দ-উপভোগের বিষয় নয়, বরং সভ্যতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্দিষ্ট সময়ে বিয়ে ও পরিবার গঠনের উদ্যোগ না নিলে একটি জাতি পিছিয়ে পড়তে পারে। বিশ্বের বিভিন্ন দেশে জন্মহার কমে যাওয়ায় বিয়ে ও সন্তান নেওয়ার ক্ষেত্রে নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ছাত্রনেতাদের উদ্দেশে জামায়াত আমির আরও বলেন, যাদের বিয়ের সুযোগ রয়েছে, তাদের পাশে থাকবেন তারা। ভবিষ্যতেও সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ, তাদের বিয়ের ব্যবস্থা করে দেবেন এবং ভালো পরিবারে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন।

কর্মসংস্থান ও ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, ছাত্রনেতাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার সুযোগ থাকলেও তিনি চান না তারা কেবল চাকরির পেছনে ছুটুক। বরং তাদের নেতৃত্বের জায়গায় যেতে হবে, নতুন কিছু উদ্ভাবন করতে হবে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

তরুণদের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, আজকের বীজ থেকেই আগামী দিনের গাছ এবং পরবর্তী সময়ে ফল আসবে। এভাবেই সামনে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয়ও ব্যক্ত করেন জামায়াত আমির। তার মতে, তরুণদের হাত ধরেই ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এই অগ্রযাত্রার সুফল কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency