| বঙ্গাব্দ

উলিপুরে পুলিশের কাজে বাধা, বিএনপির সব কমিটি বিলুপ্ত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 28-11-2026 ইং
  • 18243 বার পঠিত
উলিপুরে পুলিশের কাজে বাধা, বিএনপির সব কমিটি বিলুপ্ত
ছবির ক্যাপশন: কুড়িগ্রামের উলিপুরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ওয়ার্ড কমিটি বিলুপ্ত।

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে পুলিশের কাজে বাধা, বিএনপির সব কমিটি বিলুপ্ত

কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ নেতাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা এবং প্রশাসনিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির একটি ওয়ার্ডের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুড়াবুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বাতিল করেছে ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের শামীম ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের শামীম।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি তৈয়ব আলীকে শুক্রবার সন্ধ্যায় আটক করতে যায় ডিবি পুলিশ।

এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী ডিবি পুলিশের কাজে বাধা দেন। অভিযোগ রয়েছে, তারা পুলিশ সদস্যদের প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রেখে দেনদরবারের মাধ্যমে তৈয়ব আলীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।

পরে রাত ৯টার দিকে ইউনিয়ন বিএনপি ও থানা পুলিশের হস্তক্ষেপে তৈয়ব আলীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা ও উপজেলা বিএনপির নেতারা বিষয়টি নিয়ে পদক্ষেপ নেন। তারা বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংশ্লিষ্ট ওয়ার্ডের সব কমিটি বিলুপ্ত করার নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই দলীয় প্যাডে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষায় ভূমিকা রাখা এবং প্রশাসনিক কার্যক্রমে বাধা দেওয়ার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, বুড়াবুড়ি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency