রাজনীতি ও জাতীয় ডেস্ক
সর্বশেষ আপডেট: ১৯ জুলাই, ২০২৬
নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন এবং গণভোটের রায়ের অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “মেকানিজম করে ক্ষমতায় গিয়ে তারা গণভোটের রায় ভুলে গেছেন। আপনারা ফ্যাসিবাদের পথে হাঁটছেন, যা জাতির সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। প্রতারণা করলে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকুন।”
শনিবার বিকালে বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে যোগ দিতে আসার পথে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বরিশালের উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন:
৬ লেনের সড়ক: ঢাকা থেকে ভাঙ্গা হয়ে বরিশাল ও কুয়াকাটা পর্যন্ত সড়কটি বর্তমানে অত্যন্ত সরু ও ঢেউ খেলানো। অবিলম্বে এই সড়ককে ৬ লেনে উন্নীত করতে হবে।
ভোলা ব্রিজ ও রেললাইন: ভোলাবাসীর দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নে সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের মানুষের অধিকার রক্ষায় দ্রুত রেললাইন সংযোগ স্থাপন করতে হবে।
সুষম উন্নয়ন: বরিশালকে বঞ্চিত রেখে পুরো দেশের সুষম অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।
ডা. শফিকুর রহমান হুশিয়ারি দিয়ে বলেন, “ভুল পথ থেকে ফিরে আসুন। আগামী ২৫ জুলাই সিলেটে আমাদের সমাবেশের আগেই গণভোটের রায় মেনে নিন। নচেৎ এরপর ঢাকায় মহাসমাবেশের জন্য প্রস্তুত থাকুন।”
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথিদের বক্তব্যে বর্তমান অন্তর্বর্তীকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ করা হয়।
🎙️ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বক্তব্য:
• নাহিদ ইসলাম (চিফ হুইপ, এনসিপি): প্রধানমন্ত্রীর মুখে মধু আর অন্তরে ছলনা। ৫ আগস্টের পর তারা গণতন্ত্রের বিপক্ষে চলে গেছেন। তারা ৩১ দফার সংস্কারের কথা অস্বীকার করে এখন সংশোধনের কথা বলছেন। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমরা শেখ হাসিনার বিচার নিশ্চিত করব।
• কর্নেল (অব.) অলি আহমদ (সভাপতি, এলডিপি): আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই। তবে দুঃখের বিষয়, বিএনপি আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি। আমরা দেশে চাঁদাবাজি ও মাস্তানি বন্ধ করতে চাই, কিন্তু বিএনপি তা শুনছে না।
• ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (সাধারণ সম্পাদক, এবি পার্টি): আওয়ামী লীগের গুন্ডারা এখন বিএনপির সঙ্গে আর্থিক লেনদেন ও গোপন পৃষ্ঠপোষকতায় পুনর্বাসিত হওয়ার পাঁয়তারা করছে। এই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
• ডা. মোস্তাফিজুর রহমান ইরান (সভাপতি, লেবার পার্টি): ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজিতে নতুনত্ব এসেছে। এমনকি ক্ষমতায় যাওয়ার পর তারা গুম কমিশনকেই গুম করে ফেলেছে। বিএনপি এখন আওয়ামী লীগের মতোই সব অপকর্ম করে যাচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির মাওলানা আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং ঢাকা-৪ আসনের সংসদ-সদস্য সৈয়দ জয়নাল আবেদীনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ও ১১ দলীয় ঐক্যের বরিশাল অঞ্চলের সমন্বয়ক দল।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |