নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন ঢাকার ফুটপাতে মানবেতর জীবন কাটানো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোলাপী বেগম এবার পেলেন স্থায়ী আশ্রয়। নবীনগর উপজেলার রতনপুরে তার জন্য নির্মিত নতুন ঘরের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়েছে।
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গোলাপী বেগমের কাছে নতুন ঘরটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
অনুষ্ঠানে এম রশিদুজ্জামান মিল্লাত দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, আগের সময়ে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে ঋণ নেওয়ার পাশাপাশি অর্থ পাচার হয়েছে।
তিনি বলেন, দেশে দুর্নীতি ও লুটপাটের দিন শেষ হয়েছে। দেশে ফিরলে শেখ হাসিনার বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে মিল্লাত দাবি করেন, ওই সরকারও প্রত্যাশিত উন্নয়ন করতে পারেনি। বর্তমান সময়ে তারা কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, তার লক্ষ্য একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। এ জন্য দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় মানুষের সমস্যা সমাধান এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে দেশজুড়ে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় ঢাকার শাহবাগের ফুটপাতে গোলাপী বেগমের অসহায় অবস্থার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য তিনি তার অতিরিক্ত প্রেস সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুরে গোলাপী বেগমের জন্য নতুন ঘর নির্মাণ করা হয়।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত গোলাপী বেগম বলেন, দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্টের জীবনের অবসান হয়েছে। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং তারেক জিয়ার জন্য দোয়া করেন।
নিরাপদ আশ্রয় পাওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন গোলাপী বেগম।
সূত্র: অনুষ্ঠান সংশ্লিষ্ট সূত্র
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |