প্রতিবেদক: বুলবুল আহমেদ
আসন্ন জানুয়ারি মাসের সংসদ অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’র সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, প্রস্তাবনায় কিছু পরিবর্তন আসায় সংশোধনী বিলটি জাতীয় সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির চূড়ান্ত স্বাক্ষরের আগে এ বিষয়ে গণভোটের আয়োজন করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সংবিধান সংশোধনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের মতামত নিতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছিল।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলগুলোকে বারবার আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আমরা কোনো ধরনের বিভেদ চাই না, বরং একটি জাতীয় ঐক্যের ভিত্তিতেই সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নিতে চাই।’ তিনি আরও উল্লেখ করেন, সংবিধানের মৌলিক কাঠামোয় কোনো ধরনের পরিবর্তন আনা হলে নিয়মানুযায়ী গণভোট আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। সরকারবিরোধী দলগুলোর পক্ষ থেকে কমিটিতে পাঁচজন প্রতিনিধি চাওয়া হলেও তারা কোনো নাম দেয়নি এবং শেষ পর্যন্ত কমিটিটিকে বর্জন করে। বিরোধীদের অনুপস্থিতি সত্ত্বেও জাতীয় ঐকমত্য ও সংস্কারের প্রক্রিয়া অব্যাহত রেখে নির্ধারিত সময়েই বিলটি সংসদে তোলার প্রস্তুতি নিচ্ছে সরকার।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |