নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নাম, ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহারের ঘটনায় হস্তক্ষেপ করেছেন ভারতের বোম্বে হাইকোর্ট। অভিনেত্রীকে নিয়ে তৈরি অনুমতিহীন কনটেন্ট সরিয়ে ফেলার পাশাপাশি ভবিষ্যতে তার পরিচয়সংক্রান্ত উপাদান অনুমতি ছাড়া ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সামান্থার করা মামলার শুনানিতে বিচারপতি মাধব জামদার এ অন্তর্বর্তী নির্দেশ দেন। মামলাটি অভিনেত্রীর ব্যক্তিসত্তা ও প্রচার-সংক্রান্ত অধিকার নিয়ে করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সামান্থার অনুমতি ছাড়া এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ডিপফেক, বিকৃত ছবি ও ভিডিও ব্যবহারের ঘটনায় তার ব্যক্তিসত্তা ও প্রচার-সংক্রান্ত অধিকার লঙ্ঘনের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
আদালত আরও উল্লেখ করেন, ভারতের সংবিধানের আওতায় সামান্থার মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, গোপনীয়তা ও মানবিক মর্যাদার অধিকার রয়েছে। অভিনয়শিল্পী হিসেবে কপিরাইট আইনের অধীন তার নৈতিক অধিকারও সুরক্ষিত বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
মামলায় সামান্থা অভিযোগ করেন, তার নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে অনুমতি ছাড়া এআই-নির্মিত ডিপফেক ও বিভিন্ন ধরনের বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা হয়েছে। এসব কনটেন্টের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়ে অজ্ঞাতনামা ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্ম, এআই নির্মাতা, ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান ও ই-কমার্স সংস্থার বিরুদ্ধে মামলা করেন তিনি।
মামলায় অনুমতিহীন কনটেন্ট সরিয়ে নেওয়া, ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রকাশ বন্ধ করা এবং ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে। মোট ১৮ জন বিবাদীকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
সামান্থার আইনজীবীরা আদালতে জানান, অভিনেত্রীর ব্যবসায়িক কার্যক্রম ও সুনাম মুম্বাইভিত্তিক হলেও বিদেশে থাকা কয়েকজন বিবাদীর কার্যক্রমও মামলার সঙ্গে সংশ্লিষ্ট।
অন্তর্বর্তী আদেশে আদালত সামান্থাকে নিয়ে অনুমতিহীন কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার পাশাপাশি তার নাম, ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন।
মামলাটির পরবর্তী শুনানি আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |