নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেন। দীর্ঘদিনের দাবির পর ট্রেনটির যাত্রাবিরতি চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি কসবা স্টেশনে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা। এ সময় স্টেশন ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয়দের ধারণা, ট্রেনটিকে স্বাগত জানাতে প্রায় পাঁচ হাজার মানুষ সেখানে জড়ো হন। বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও মিছিল নিয়ে স্টেশনে আসেন।
এর আগে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেনটির কসবা স্টেশনে যাত্রাবিরতি ছিল না। ফলে ট্রেনটি ব্যবহার করতে না পেরে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়তেন এ এলাকার যাত্রীরা। স্থানীয়দের দাবির পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপন করেন।
যাত্রাবিরতি চালুর পর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি ট্রেনটির যাত্রাবিরতির ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
কসবা স্টেশন মাস্টার শফিকুর রহমান জানান, মহানগর প্রভাতী ট্রেনটি কসবা স্টেশনে দুই মিনিটের জন্য থামবে। এ স্টেশন থেকে যাত্রীদের জন্য ট্রেনটিতে পাঁচটি আসন বরাদ্দ থাকবে। ট্রেনটির নির্ধারিত সময় সকাল ১০টা ২৩ মিনিট হলেও উদ্বোধনের দিন এটি দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনে পৌঁছায়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের রেলওয়ে ট্রাফিক কর্মকর্তা ফারহান মাহমুদ, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু হওয়ায় কসবা ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
সূত্র: যুগান্তর
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |