প্রতিবেদক: বুলবুল আহমেদ
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর সংযোগ স্বাভাবিক হয়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের সেবা গ্রহণে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও স্বজনরা। হাসপাতালে আগুন লাগার ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) কানিজ সাবিহা। এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হাসপাতালের প্রশাসনিক শাখা সংলগ্ন সুইচ বোর্ডের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় এক কর্তব্যরত নার্স আগুন দেখতে পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের কারণে সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যায় এতে পুরো হাসপাতাল বিদ্যুৎ সংযোগ বিহীন হয়ে পড়ে। আগুন লাগার সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনদের রোগীদের নিয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়। এসময় অনেক রোগী ওয়ার্ড থেকে হাসপাতালের বাইরে বেরিয়ে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে আবার রোগীদের ওয়ার্ডে নেওয়া হয়।
এদিকে আগুন লাগার পর টানা ৬ ঘণ্টার প্রচেষ্টায় দুপুরে লাইনের ত্রুটি মেরামত শেষে ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়। বিদ্যুৎ সচল হওয়ার পর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম এবং ডায়ালাইসিস ও আইসিইউসহ জরুরি চিকিৎসাসেবা পুরোপুরি চালু করা হয়েছে।
তাছাড়া বিকেলে এই খবর লেখা পর্যন্ত হাসপাতালের প্রশাসনিক ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) কানিজ সাবিহা বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে বিদ্যুৎ দেওয়া হয়েছে, প্রশাসনিক ভবনের বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক ভবনেও বিদ্যুৎ সংযোগ চালু হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |