| বঙ্গাব্দ

দলের ৪ নেতাকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ পৌর বিএনপির সহসভাপতির বিরুদ্ধে

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-10-2026 ইং
  • 176435 বার পঠিত
দলের ৪ নেতাকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ পৌর বিএনপির সহসভাপতির বিরুদ্ধে
ছবির ক্যাপশন: মারধরের অভিযোগ পৌর বিএনপির সহসভাপতির বিরুদ্ধে

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির নেতার বিরুদ্ধে সহযোগী সংগঠনের ৪ নেতাকে মারধরের অভিযোগ, পা ভাঙল একজনের

প্রতিবেদক: বুলবুল আহমেদ

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক নেতার বিরুদ্ধে দলটির সহযোগী সংগঠনের চার নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আহত চারজনের মধ্যে একজনের পায়ের হাড় ভেঙে গেছে। তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে রোববার (২৫ অক্টোবর) দুপুরের দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি বলে ভাষ্য পুলিশের।

এর আগে শনিবার রাতে নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, নড়িয়া পৌরসভা বিএনপির সহসভাপতি সালাউদ্দিন ছৈয়াল তার সহযোগীদের নিয়ে ওই চার নেতার ওপর হামলা চালিয়েছেন। ব্যবসায়িক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আহতরা হলেন নড়িয়া উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নোমান চোকদার, নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ খান, যুগ্ম আহ্বায়ক তাজুল শিকদার ও পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব দেওয়ান।

নড়িয়া উপজেলা বিএনপির বিভিন্ন সূত্র জানায়, নোমান চোকদার, মাসুদ খান, তাজুল শিকদার ও রাজিব দেওয়ান ঠিকাদারি এবং জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত। এসব ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরে পৌর বিএনপির সহসভাপতি সালাউদ্দিন ছৈয়ালের সঙ্গে তাদের বিরোধ চলছিল। সূত্রের ভাষ্য, ওই বিরোধের জেরে শনিবার সন্ধ্যার পর সালাউদ্দিন ছৈয়াল চার নেতাকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর সালাউদ্দিনের ২০ থেকে ২৫ জন সমর্থক তাদের ওপর হামলা চালান এবং তাদের মারধর করেন। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে রাতে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শনিবার রাতে মুঠোফোনে সালাউদ্দিন ছৈয়াল দাবি করেন, গত চার মাসে দুই দফায় তিনি তাদের ৪৪ লাখ টাকা দিয়েছেন। তারা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করলেও তাকে মুনাফার ভাগ ও বিনিয়োগের টাকা ফেরত দিচ্ছিলেন না। শনিবার টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ায় কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

অন্যদিকে, আহত মাসুদ খানের অভিযোগ, সালাউদ্দিন ছৈয়াল ডেকে নিয়ে তাদের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালানো হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক তমাল কুমার দাস জানান, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক্স-রে করার পর তাজুল নামের একজনের বাম পায়ের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিএনপির এক পক্ষ আরেক পক্ষের কয়েকজনকে মারধর করেছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি; লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency