প্রতিবেদক: বুলবুল আহমেদ
এই মুহূর্তে রাজপথ থেকে গণঅধিকার পরিষদ সরে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনৈতিক ভিত নড়ে যাবে বলে বিএনপিকে কড়া হুশিয়ারি জানিয়েছেন গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা সভাপতি ফরহাদ হোসেন। একই সাথে জোটের ভেতর ন্যায্য মূল্যায়ন ও অধিকার না পেলে বিএনপিকে পাল্টা ফাঁদে ফেলারও হুশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন এসব ক্ষোভ ও চরম অসন্তোষ প্রকাশ করেন।
গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও এ আলোচনা সভার আয়োজন করা হয়। ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় শীর্ষ নেতারা বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক আচরণ ও ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন।
সমাবেশে অন্য বক্তারা বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা গত ৫ আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত রাজপথে জীবন বাজি রেখে লড়াই চালিয়েছে এবং তাদের রক্তক্ষয়ী আন্দোলনের ফলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এর পর বিএনপি ক্ষমতায় আসে। তবে বর্তমান সরকারে গণঅধিকার পরিষদ জোটসঙ্গী হিসেবে থাকলেও তাদের প্রাপ্য ও ন্যায্য অধিকার থেকে ক্রমাগত বঞ্চিত করা হচ্ছে।”
বক্তব্যের একপর্যায়ে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন সরাসরি বিএনপিকে উদ্দেশ্য করে হুশিয়ারি দিয়ে বলেন, “আপনারা আমাদের সাথে বর্তমানে যে ধরনের আচরণ করছেন, তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ অতীতে তার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে যেভাবে আচরণ করত—আপনারাও ঠিক তা-ই করছেন। কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগের শাসনামলে একটি ওয়ার্ডের সামান্য নেতাকর্মীর ভয়েও আপনারা ঘরে থাকতে পারেন নাই, ঘণ্টার পর ঘণ্টা ধানক্ষেতে রাত কাটাতে হয়েছে। সে সময় কেবল গণঅধিকার পরিষদই সাহসের সঙ্গে কথা বলত। সেই কথার মাধ্যমে বিপ্লব ঘটিয়ে আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। কিন্তু সেই গণঅধিকার পরিষদকে আপনারা জোটে নিলেও তাদের প্রাপ্য সম্মান ও অধিকার দেন নাই।”
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, “বিভিন্ন সরকারি অফিস-আদালতে বর্তমানে আপনাদের যে রূপ ও দখলদারিত্ব দেখি—সেখানে গণঅধিকারের নেতাকর্মীদের ন্যূনতম মূল্যায়ন করতে চান না। আপনারা হয়তো ভাবছেন আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে; শেখ হাসিনারও তো লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল! কিন্তু তিনি কি দেশে থাকতে পেরেছেন? তাকে পালিয়ে যেতে হয়েছে। অতএব জোট সঙ্গীকে সঠিকভাবে মূল্যায়ন করতে শিখুন। কারণ, এই মুহূর্তে যদি বিএনপির পাশ থেকে গণঅধিকার পরিষদ সরে যায়, তবে বিএনপির রাজনৈতিক ভিত নড়ে যাবে।”
বিএনপির অভ্যন্তরীণ কৌশল নিয়ে সতর্ক করে ফরহাদ হোসেন বলেন, “জামায়াত ও এনসিপি বর্তমানে চাচ্ছে গণঅধিকার পরিষদকে বিএনপি থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিতে। তবে গণঅধিকারের শীর্ষ নেতৃত্ব অত্যন্ত পরিপক্ব, তারা কোনো সস্তা ফাঁদে পা দেবে না। কিন্তু আপনারা সারাদেশে আমাদের নেতাকর্মীদের সাথে যেভাবে আচরণ করছেন, তাতে আমাদের বাধ্য হয়ে নতুন রাজনৈতিক কৌশল বা ফাঁদ তৈরি করতে হবে। আমরা আপনাদের কোনো ফাঁদে ফেলতে চাই না, আমরা কেবল আমাদের প্রাপ্য ন্যায্য অধিকারটুকু চাই।”
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রুবেল, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফিরোজ শেখ, সহ-সভাপতি মনির চৌধুরী, জিয়া খান, আলীমুজ্জামান লাবলু ও আলমগীর শিকদার, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বিপুল এবং শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি সোহেল খান প্রমুখ।
আলোচনা পর্ব ও জেলা-উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে সভা শেষে সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |