| বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে শীলার মৃত্যু, স্বামীর বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 02-11-2026 ইং
  • 284335 বার পঠিত
রাঙ্গাবালীতে শীলার মৃত্যু, স্বামীর বিরুদ্ধে মামলা
ছবির ক্যাপশন: রাঙ্গাবালীতে শীলার মৃত্যু

রাঙ্গাবালীতে শীলার মৃত্যুর বিচার দাবিতে থানা ঘেরাও, স্বামীর বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলা (৪৩) নামে এক নারীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও ন্যায়বিচারের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় তাঁর স্বামী রাসেল মাহমুদ বয়াতী এবং স্বামীর চাচাতো ভাই সোহান বয়াতীকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাহেরচর বাজারে মানববন্ধন করেন বিক্ষোভকারীরা। পরে ‘আমার বোন কবরে, খুনি কেন বাইরে’ স্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে রাঙ্গাবালী থানার সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় শীলার মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও তাঁর স্বামীকে গ্রেফতারের দাবিতে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

দুপুর ২টার দিকে পুলিশ আইনগত ব্যবস্থা ও বিচারের বিষয়ে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

এরপর শীলার ছোট ভাই রাইসুল ইসলাম কমল বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাসেল মাহমুদ ও তাঁর চাচাতো ভাই সোহান বয়াতীকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পরিবারের

শীলার মেয়ে লাবিবা অভিযোগ করেন, তাঁর মাকে নিয়মিত নির্যাতন করা হতো। প্রায় প্রতিদিনই মাকে কাঁদতে দেখতেন তিনি। বিভিন্ন বিষয় নিয়ে মাকে মারধর ও কষ্ট দেওয়া হতো বলেও দাবি করেন লাবিবা। মায়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান তিনি।

শীলার ছেলে রাফিন বলেন, তাঁর মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তি এখনো বাইরে থাকায় তাঁরা হতাশ। এটি হত্যাকাণ্ড বলে দাবি করে তিনি বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

মামলার বাদী রাইসুল ইসলাম কমল বলেন, তাঁরা এ ঘটনার বিচার চান। মামলা যথাযথভাবে পরিচালনা এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তিনি।

শীলার চাচাতো ভাই জাহিদুল ইসলাম সাগর বলেন, আত্মহত্যা কিংবা হত্যা—যেটিই হয়ে থাকুক, তাঁদের মতে শীলার মৃত্যুর জন্য তাঁর স্বামী দায়ী। দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

যা বলছে পুলিশ

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা করা হয়েছিল। পরবর্তী আইনি প্রক্রিয়ায় ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হয়। তবে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা নেওয়া হয়েছে।

তিনি বলেন, মামলায় রাসেল ও তাঁর চাচাতো ভাই সোহানের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। অভিযুক্ত যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এ জন্য পুলিশের অভিযান চলছে।

যেভাবে উদ্ধার হয় শীলার মরদেহ

গত শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকার নিজ বসতঘর থেকে শীলার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

শীলার বাবা প্রয়াত সাজাদুল ইসলাম শামীম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর স্বামী রাসেল মাহমুদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। রাসেল ও শীলা দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

মরদেহ উদ্ধারের পর রাসেলের দাবি ছিল, শীলা আত্মহত্যা করেছেন। তবে শুরু থেকেই তাঁর পরিবারের দাবি, শীলার মৃত্যুর জন্য রাসেল দায়ী। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ, স্বজন ও এলাকাবাসী।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency