ক্ষমতায় আসার পরও জনগণের বাস্তব সমস্যা সমাধানে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তার অভিযোগ, সরকারের পরিকল্পনা বলতে এখন শুধু দফায় দফায় বিভিন্ন পণ্যের দাম বাড়ানো এবং সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলার বিষয়টিই সামনে আসছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এবি স্বেচ্ছাসেবক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম কয়েক দফায় বাড়ানো হচ্ছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে।
তিনি উল্লেখ করেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও সামগ্রিকভাবে মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্রমেই ক্ষোভ ও হতাশা তৈরি হচ্ছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এবি পার্টির চেয়ারম্যান বলেন, গত ৫৪ বছর ধরে দেশে প্রচলিত ধারার রাজনীতি চলে আসছে। এত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করা এবং মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা।
কিন্তু দীর্ঘ সময় ও এত আয়োজনের পরও রাষ্ট্রকে কেন প্রত্যাশিত পথে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তিনি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক পরিচিতি ও বোঝাপড়ার অভাবের বিষয়টিও তুলে ধরেন মঞ্জু। তার মতে, সামান্য বিষয় নিয়েও দলগুলোর মধ্যে অবিশ্বাস ও দূরত্ব তৈরি হচ্ছে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, মানুষ তখনই রাজনীতির প্রতি আগ্রহী হয়, যখন তারা নিজেদের অধিকার ও স্বার্থের প্রতিফলন রাজনৈতিক কর্মকাণ্ডে দেখতে পায়।
এ কারণে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এবি স্বেচ্ছাসেবক পার্টিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন তিনি।
তার বক্তব্য, জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হলে কী ধরনের পরিবর্তন আনা যেতে পারে, সেই সম্ভাবনা ও স্বপ্ন সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে।
বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও সমালোচনা করেন এবি পার্টির চেয়ারম্যান।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নানা ধরনের আশ্বাস দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। অন্যদিকে বিএনপিও এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারছে না।
মঞ্জু বলেন, রাজনীতি শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ানোর বিষয় নয়। বরং মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব।
এবি স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব তোফাজ্জল হোসাইন রমিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর।
সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, মো. আলতাফ হোসাইন ও শাহাদাতুল্লাহ টুটুল।
এ ছাড়া বক্তব্য দেন প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী রাজা, এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম সদস্যসচিব রাশিদা আক্তার মিতু ও মিজানুর রহমান মিঠু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য খোরশেদ আলম পলাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, সহকারী দপ্তর সম্পাদক মোহসীনুল হক চৌধুরী এবং নারী উন্নয়নবিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা।
এ ছাড়া উদ্যোক্তা ও কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, গাজীপুর মহানগরের সদস্যসচিব মাসুদ জমাদ্দার, নাটোর জেলা আহ্বায়ক মোকাররেবুর রহমান নাসিম, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিজান, চিকিৎসক শাহ মাহমুদুল বারী রাকিব এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মনির হোসেন ও জাবের হোসেন সুমন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। জনগণের বাস্তব সমস্যা সমাধানকে রাজনীতির মূল লক্ষ্য করার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |