কুমিল্লার হোমনায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আকস্মিকভাবে মাঠে লুটিয়ে পড়ে জিসান আহমেদ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অষ্টম শ্রেণিতে পড়ুয়া জিসানের এমন আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় ও এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।
নিহত জিসান হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের প্রবাসী জালাল হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে সে হোমনা পৌর এলাকায় বসবাস করত। জিসান হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর আওতায় হোমনা পৌরসভা ও মাথাভাঙা ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা চলছিল। এতে হোমনা পৌরসভার হয়ে মাঠে নামে জিসান।
খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মাঠে পড়ে যায় সে। দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান জানান, নির্ধারিত সূচি অনুযায়ী খেলাটি ১০ মিনিট করে মোট ২০ মিনিট হওয়ার কথা ছিল। প্রথমার্ধের খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় জিসান হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে।
তিনি বলেন, জিসানকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধান শিক্ষক আরও জানান, জিসান বিদ্যালয়ের একজন দক্ষ ফুটবল খেলোয়াড় ছিল। জেলা পর্যায়ের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতাতেও সে অংশ নিয়েছে। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে জিসানকে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মো. সাইফুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষার পর জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, ফুটবল খেলতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিসানের মৃত্যুতে তার বন্ধু ও একই বিদ্যালয়ের খেলোয়াড় শোয়াইব আহমেদ কান্নায় ভেঙে পড়ে। সে জানায়, জিসান খুব ভালো মনের মানুষ ছিল। ফুটবল খেলাতেও তার যথেষ্ট দক্ষতা ছিল। দুজন একসঙ্গে অনেক খেলাধুলা করেছে।
কান্নাজড়িত কণ্ঠে শোয়াইব বলে, জিসান তাকে প্রায়ই ফুটবল খেলার বিভিন্ন পরামর্শ দিত। এমন একজন বন্ধুকে হারিয়ে এখন তার সঙ্গে আর কীভাবে মাঠে নামবে, তা বুঝতে পারছে না।
মাত্র ১৪ বছর বয়সে সম্ভাবনাময় এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী এবং জয়পুর গ্রামের মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। একজন প্রতিভাবান শিক্ষার্থী ও প্রিয় বন্ধুকে হারিয়ে শোকাহত তার পরিবার, সহপাঠী ও পরিচিতজনেরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |