চাঁদপুরের মতলবে ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন বড় ভাইও। সোমবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার নবকলস এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত দুই ভাই হলেন—ছোট ভাই হোসেন খান (৫৫) ও বড় ভাই হাসেম খান (৬০)।
এলাকাবাসী ও মৃতদের চাচাতো ভাই মোতালেব হোসেন খান জানান, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় দীর্ঘদিনের অসুস্থতায় মারা যান হোসেন খান। সেখানে জোহরের নামাজের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরে মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। বিকাল ৩টার দিকে দ্বিতীয় জানাজা শেষে দাফনের প্রস্তুতি চলছিল। এ সময় ছোট ভাইয়ের মরদেহ দেখে শোকে ভেঙে পড়েন বড় ভাই হাসেম খান। একপর্যায়ে তিনিও মারা যান।
মৃতের ভাতিজা রাহি খান জানান, ছোট কাকাকে বাড়িতে আনার পর বড় কাকা চিৎকার করে বলেছিলেন, ‘হে আল্লাহ, আপনি আমার ভাইকে না নিয়ে আমাকে নিয়ে যেতেন!’
এরপর তিনি অচেতন হয়ে পড়েন। পরে বিকাল ৩টার দিকে হাসেম খানের মৃত্যু হয় বলে জানান রাহি।
তিনি আরও জানান, হাসেম খানের দুই ছেলে ও এক মেয়ে এবং হোসেন খানের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা মোট চার ভাই ছিলেন।
নবকলস এলাকার বাসিন্দা সোহেল প্রধান বলেন, একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দুই ভাইকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।
সোমবার এশার নামাজের পর দাগন প্রধানীয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দুই সহোদরের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাবেক সভাপতি এমদাদ হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |