| বঙ্গাব্দ

নির্ধারিত সময়ে আপিল না করলে কী হবে শেখ হাসিনার?

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 11-11-2026 ইং
  • 2962 বার পঠিত
নির্ধারিত সময়ে আপিল না করলে কী হবে শেখ হাসিনার?
ছবির ক্যাপশন: শেখ হাসিনার আপিলের আইনগত সুযোগ নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আপিল করার আইনগত সুযোগ পাবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আবুল কালাম আজাদের মামলার রায় গুরুত্বপূর্ণ বিচারিক নজির হিসেবে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন।

বিলম্বিত আপিলের বিষয়ে অতীতের বিচারিক নজির তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, আইন সবার জন্য সমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন। একই সঙ্গে ট্রাইব্যুনালের আদেশের কার্যকারিতা স্থগিত চেয়েছিলেন। ওই ঘটনায় আপিল বিভাগ বিলম্ব মওকুফের বিষয়টি বিবেচনা করেছিলেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর নির্ধারিত সময় অতিক্রম করে আপিল দায়েরের ক্ষেত্রে কী ধরনের আইনি পরিণতি হতে পারে, তার উল্লেখযোগ্য উদাহরণ আবুল কালাম আজাদের মামলা। ওই মামলায় আপিল বিভাগে দীর্ঘদিন শুনানি হলেও বিলম্বের পক্ষে দেওয়া যুক্তি আদালত গ্রহণ করেননি।

অ্যাটর্নি জেনারেল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিলের ক্ষেত্রে আইন ও সময়সীমা স্পষ্টভাবে নির্ধারিত রয়েছে। তবে নির্ধারিত সময় পার হওয়ার পর আপিল দায়েরের বিষয়টি আদালতের বিবেচনার ওপর নির্ভর করে। এ ক্ষেত্রে অতীতের বিচারিক সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে কী ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া তার দায়িত্ব নয়। তিনি শুধু আইনগত অবস্থান তুলে ধরতে পারেন।

তিনি বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি। বর্তমানে তিনি বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। তিনি যদি আইনের মুখোমুখি হতে চান, তাহলে দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করতে পারেন। তবে এ ক্ষেত্রে প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বিষয়ে আইনের বিধান সুস্পষ্ট।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলের বক্তব্য প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে যারা আইনি ব্যাখ্যা দিয়েছেন, তাদের কেউ আইনের অপব্যাখ্যা করেননি। সবাই আইনগত অবস্থান থেকেই নিজেদের বক্তব্য তুলে ধরেছেন।

তিনি আরও উল্লেখ করেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনও বক্তব্য দিয়েছে। পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency