| বঙ্গাব্দ

সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক করেছে বিজিবি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 13-11-2026 ইং
  • 62678 বার পঠিত
সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক করেছে বিজিবি
ছবির ক্যাপশন: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে সাত বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক করেছে বিজিবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক মানবপাচারকারী ও এক নারীসহ সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ দূরে বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ এলাকা থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের বাড়ি গোপালগঞ্জ ও মাদারীপুরে

বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আটক সাতজনের মধ্যে দুজনের বাড়ি গোপালগঞ্জ জেলায়। বাকি পাঁচজন মাদারীপুর জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করে বিভিন্ন শ্রমজীবী পেশায় কাজ করতেন। কোন চক্রের সহায়তায় তারা সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন এবং বর্তমান পরিস্থিতিতে কী কারণে দেশে ফিরছেন, তা জানতে গোয়েন্দা তদন্ত শুরু হয়েছে।

পালিয়ে গেছে পাচারকারী চক্রের দুই সহযোগী

বিজিবির অভিযানের সময় রাতের অন্ধকারে মানবপাচারকারী চক্রের আরও দুই সহযোগী পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর একই বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এক মানবপাচারকারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছিল বিজিবি।

সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তের অখণ্ডতা ও দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ সীমান্তপথগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি ড্রোন টহল, সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচার প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency