| বঙ্গাব্দ

নেতানিয়াহু কথা রাখেননি, গাজায় বেসামরিক মৃত্যু নিয়ে স্মৃতিকথায় বিস্ফোরক অভিযোগ বাইডেনের

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 15-11-2026 ইং
  • 70333 বার পঠিত
নেতানিয়াহু কথা রাখেননি, গাজায় বেসামরিক মৃত্যু নিয়ে স্মৃতিকথায় বিস্ফোরক অভিযোগ বাইডেনের
ছবির ক্যাপশন: বেনিয়ামিন নেতানিয়াহু

নেতানিয়াহু কথা রাখেননি, গাজায় বেসামরিক মৃত্যু নিয়ে স্মৃতিকথায় বিস্ফোরক অভিযোগ বাইডেনের

গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর বিষয়ে বারবার আশ্বাস দিলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা বাস্তবায়ন করেননি বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতা এবং ইসরাইলের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে তার অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

নিজের আসন্ন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ বইয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক, গাজা যুদ্ধ এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে দুই নেতার আলোচনার নানা দিক তুলে ধরেছেন বাইডেন।

রোববার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আগামী ১৭ নভেম্বর বইটি প্রকাশের কথা রয়েছে। এর আগে শুক্রবার সিএনএনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বইটির নির্বাচিত অংশ প্রকাশিত হয়।

বেসামরিক প্রাণহানি নিয়ে বারবার সতর্ক করেছিলেন বাইডেন

স্মৃতিকথায় বাইডেন জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরু হলে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে তিনি নিয়মিত উদ্বেগ প্রকাশ করেন।

ইসরাইলের সামরিক অভিযানে সাধারণ মানুষের প্রাণহানি বাড়তে থাকায় দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। একই সঙ্গে যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনও চাপের মুখে পড়ছিল বলে উল্লেখ করেন তিনি।

বাইডেনের দাবি, ব্যক্তিগত আলোচনায় নেতানিয়াহু এসব উদ্বেগের বিষয়টি স্বীকার করেছিলেন। বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে সামরিক অভিযানে আরও সতর্কতা অবলম্বনের আশ্বাসও দিয়েছিলেন তিনি।

তবে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন খুব একটা দেখা যায়নি বলে অভিযোগ সাবেক মার্কিন প্রেসিডেন্টের।

বইয়ে বাইডেন লিখেছেন, ‘বিবি (নেতানিয়াহু) এমন প্রতিশ্রুতি দিতে কখনো দ্বিধা করতেন না, যেগুলো পূরণ করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটিই তার ছিল না।’

হামাসের হামলার পর নেতানিয়াহুর সঙ্গে একাধিকবার কথা

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনার জন্য বড় আঘাত হিসেবে বর্ণনা করেছেন বাইডেন। তার ভাষায়, ওই হামলায় শান্তির স্বপ্ন ‘চূর্ণবিচূর্ণ’ হয়ে যায়।

হামলার দিন নেতানিয়াহুর সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেছিলেন তিনি। ভবিষ্যতে যেন এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অবস্থান ও প্রচেষ্টার বিষয়টি ইসরাইলি প্রধানমন্ত্রীকে জানাতে চেয়েছিলেন।

বাইডেনের ভাষায়, ‘আমি তাকে জানাতে চেয়েছিলাম, এমন দিন যেন আর কখনো ফিরে না আসে, তা নিশ্চিত করতে আমি কতটা দৃঢ়প্রতিজ্ঞ।’

হামাসের হামলার জবাব দেওয়ার বিষয়ে ইসরাইলের অবস্থান তিনি বুঝতে পারলেও সামরিক অভিযানে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছিলেন বলে স্মৃতিকথায় উল্লেখ করেন।

প্রতিশ্রুতির পরও চলেছে প্রাণঘাতী অভিযান

বাইডেনের অভিযোগ, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে নেতানিয়াহুর কাছ থেকে বারবার আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে পরিস্থিতির পরিবর্তন হয়নি।

তিনি লিখেছেন, প্রতিবার আরও সতর্কতার প্রতিশ্রুতি দেওয়ার পর নতুন করে সামরিক অভিযান চালানো হতো। এতে আবারও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটত।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রশ্ন তোলা হলে ইসরাইলি কর্মকর্তারা বিভিন্ন ব্যাখ্যা বা যুক্তি তুলে ধরতেন বলেও দাবি করেছেন বাইডেন। কিন্তু শেষ পর্যন্ত প্রাণহানির পরিস্থিতি একই থাকত।

নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান নিয়ে হতাশা

স্মৃতিকথায় বাইডেন উল্লেখ করেছেন, নেতানিয়াহু যে কঠিন রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করছিলেন, তা তিনি উপলব্ধি করতেন।

তবে তার মতে, একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব হচ্ছে তাৎক্ষণিক রাজনৈতিক প্রয়োজনের বাইরে গিয়ে দেশের ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করা। নেতানিয়াহু সেই জায়গায় ব্যর্থ হয়েছেন বলে মনে করেন বাইডেন।

গাজা যুদ্ধ নিয়ে মতপার্থক্যের পাশাপাশি দুই নেতার সম্পর্কেও আস্থার ঘাটতি ছিল বলে জানিয়েছেন তিনি।

বাইডেন লিখেছেন, ‘আমাদের মধ্যে খুব বেশি আস্থা ছিল না। আমরা একে অপরের সঙ্গে সরাসরি কথা বলতে পারতাম, কিন্তু বিশ্বাসের জায়গাটি শক্ত ছিল না।’

নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের কিছু মিল দেখেছেন বাইডেন

স্মৃতিকথায় নেতানিয়াহুর রাজনৈতিক আচরণ নিয়েও সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, নেতানিয়াহুর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু প্রবণতা রয়েছে।

বাইডেনের দাবি, নেতানিয়াহু নিজের অবস্থানের পক্ষে তথ্য-প্রমাণকে বিশেষভাবে উপস্থাপন করতে পারতেন। এমনকি ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর প্রভাব বিস্তার করতেও তিনি দ্বিধা করতেন না বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন।

সব মিলিয়ে, আসন্ন স্মৃতিকথায় গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নীতিগত মতপার্থক্য, নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নিজের হতাশার কথা তুলে ধরেছেন জো বাইডেন। বইটি প্রকাশিত হলে দুই নেতার সম্পর্ক ও গাজা যুদ্ধের সময়কার কূটনৈতিক আলোচনার আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency