প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
দীর্ঘ অপেক্ষার পর উইকেট এনে দিয়েছিলেন মুমিনুল হক। জুবাইর হামজাকে ফিরিয়ে ভেঙেছিলেন ২০২ রানের জুটি। এবার সেই জুটির আরেক ব্যাটসম্যান মার্কাস অ্যাকারম্যানকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন হাসান মাহমুদ।
ইনিংসের ৫৪.১ ওভারে হাসান মাহমুদের বলে নাহিদ রানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। আউট হওয়ার আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ১৫৭ রানে নিয়ে যান তিনি। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে মাত্র ১৬৪ বলে ২১টি চার ও একটি ছক্কায় এই ইনিংস খেলেন অ্যাকারম্যান।
এর আগে ইনিংসের শুরুতেই এইডেন মার্করামকে ৪ রানে ফিরিয়ে প্রথম আঘাত হেনেছিলেন হাসান। এরপর অ্যাকারম্যান ও জুবাইর হামজার ব্যাটে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ২০২ রানের বিশাল জুটি। এতে চাপে পড়ে বাংলাদেশ।
নিয়মিত বোলারদের কেউই দ্বিতীয় উইকেট এনে দিতে না পারায় শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভরসা রাখেন মুমিনুল হকের ওপর। নিজের প্রথম ওভারেই হামজাকে ফিরিয়ে ২০২ রানের জুটি ভাঙেন তিনি।
এরপর আরও আগ্রাসী হয়ে ওঠেন অ্যাকারম্যান। টেম্বা বাভুমার সঙ্গে মাত্র ৬২ বলে যোগ করেন ৬১ রান। এর মধ্যে ৩২ বলেই ৫০ রান করেন অ্যাকারম্যান। এগোচ্ছিলেন দ্বিশতকের দিকে। তবে তাঁর সেই আগ্রাসী ইনিংসে থামা টানেন হাসান মাহমুদ।
প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৫৮ ওভারে ৩ উইকেটে ২৭৮ রান। বাভুমা ১৭ ও ম্যাথু ব্রিজটকে ২ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের জবাবে লিড নিতে দক্ষিণ আফ্রিকার তখনও প্রয়োজন ছিল ২২৩ রান।
উল্লেখ্য, প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৪০০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |