দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা ও আশপাশের এলাকায় গুমোট আবহাওয়া বিরাজ করছে। কোথাও আকাশ মেঘাচ্ছন্ন, আবার কোথাও বাতাসের গতিও বাড়ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী ও সাগর উত্তাল হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভোলা জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. মনিরুজ্জামান বুধবার সন্ধ্যা ৬টায় জানান, সমুদ্রগামী মাছ ধরার ট্রলারগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নদীগামী জেলেদের ১ নম্বর সতর্ক সংকেত জানিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে।
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বাসসকে জানান, যেকোনো দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রশাসনের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।
সরেজমিন বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় ভোলার শিবপুর এলাকার মেঘনা নদীর তীরে গিয়ে দেখা যায়, নদী বেশ উত্তাল। প্রবল ঢেউ নদীর তীরে আছড়ে পড়ছে। পানি ও বাতাসের তীব্রতায় নদীর বুকে সৃষ্টি হচ্ছে বিকট শব্দ।
নিরাপত্তার স্বার্থে জেলেরা জাল, নৌকা ও ট্রলার নিয়ে মূল ভূখণ্ডে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।
এদিকে পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বাসসকে জানান, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এদিকে বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের নয়টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকার প্রশাসনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |