| বঙ্গাব্দ

সালিশে দুই অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 18-11-2026 ইং
  • 255763 বার পঠিত
সালিশে দুই অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি
ছবির ক্যাপশন: সালিশে দুই অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি

আশুলিয়ায় দুই অন্তঃসত্ত্বাকে মারধর ও পেটে লাথি, পাল্টাপাল্টি মামলায় গ্রেফতার ৪

ঢাকার আশুলিয়ায় সালিশি বৈঠকে ডেকে নিয়ে দুই অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও তলপেটে লাথি মারার ঘটনায় দায়ের করা পাল্টাপাল্টি দুই মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ১৬ দিন পর মামলা নথিভুক্ত করে ভুক্তভোগী পরিবারের দুই সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারীর ছোট ভাই রুবেল হোসেন এবং ভুক্তভোগী রিনা খাতুনের মেয়ে তানজিলা বেগম।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়। একই ঘটনায় দায়ের করা অন্য একটি মামলায় এর আগে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছিল।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ আরইবি রোড এলাকায় দুই প্রতিবেশীর পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নেওয়া হয় সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা রিনা খাতুন ও তার আট মাসের অন্তঃসত্ত্বা বোন এলিনা পারভীনকে।

অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে স্থানীয় শহিদুল ইসলাম লেবু ও মো. শরীফসহ তাদের সহযোগীরা ওই দুই নারীকে মারধর করেন। একপর্যায়ে তাদের তলপেটে সজোরে লাথি মারা হয়। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রক্তক্ষরণ শুরু হয়।

এ সময় তাদের পরিবারের আরও তিন সদস্য মারধরের শিকার হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারীদের ভাই মো. রুবেল হোসেন বাদী হয়ে গত ২ নভেম্বর আশুলিয়া থানায় লিখিত অভিযোগ জমা দেন। তবে চিকিৎসকের আল্ট্রাসনোগ্রাম ও শারীরিক আঘাতের প্রমাণ থাকার পরও ঘটনার ১৬ দিন পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে মামলাটি নথিভুক্ত করে পুলিশ।

অভিযোগ নথিভুক্ত হওয়ার পরপরই বাদী রুবেল হোসেন ও তার পরিবারের সদস্য তানজিলা বেগমকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী এলিনা পারভীন ক্ষোভ প্রকাশ করে বলেন, সালিশের সময় চারপাশে প্রভাবশালীদের লোকজন উপস্থিত ছিলেন। আপত্তি করায় তাদের একটি ঘরে আটকে রেখে মারধর করা হয় এবং পেটে লাথি মারা হয়। এতে তাদের রক্তক্ষরণ শুরু হয়।

তিনি আরও বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধারের জন্য কেউ এগিয়ে না আসায় শেষ পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তারা। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency