জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রোজার মধ্যে ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত
রোজার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের কষ্ট লাঘবে আগামী রোববার, ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে রোজা রাখার সময় শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য মাত্র একটি হল এবং ছেলেদের হল না থাকায় শিক্ষার্থীদেরকে অনেক দূর থেকে এসে ক্লাসে অংশগ্রহণ করতে হয়। রোজা রেখে, জ্যাম ঠেলে যা তাদের জন্য খুবই কষ্টকর। তাই শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো অনলাইনে নেয়া হবে।” তিনি আরও বলেন, “এই ক্লাস চলবে রুটিন অনুযায়ী ছুটি শুরু হওয়া পর্যন্ত।”
অনলাইন ক্লাস চলাকালে, বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা সশরীরেই অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে পরিবহন সেবা চালু থাকবে, যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যা ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৯ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস রুটিন অনুযায়ী অনলাইনে অনুষ্ঠিত হবে। এছাড়া, প্রত্যেক ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার রুটিন অনুযায়ী সশরীরে সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, রোজা শুরু হওয়ার পর বেশ কিছুদিন ধরে হলবিহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রমজান মাসের ক্লাস শিডিউল পরিবর্তনের জন্য দাবি জানিয়ে আসছিলেন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কয়েক দফায় বৈঠকও করেছেন। অবশেষে তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে।
এটি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে, বিশেষ করে রোজার মাসে যখন অনেকেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লাসে অংশ নেন এবং রোজার কারণে তাদের জন্য তা কঠিন হয়ে পড়ে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |