আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছর মানেই নতুন অভিজ্ঞতার হাতছানি। কেউ পাহাড়-পর্বতের সৌন্দর্য উপভোগ করতে চান, কেউ আবার ইতিহাস, ঐতিহ্য ও ভিন্ন সংস্কৃতির খোঁজে পাড়ি জমান অজানা কোনো দেশে। প্রকৃতির সান্নিধ্য থেকে শুরু করে ঐতিহাসিক শহর কিংবা স্থানীয় মানুষের জীবনধারা—সব মিলিয়ে ২০২৭ সালেও বিশ্বজুড়ে রয়েছে ভ্রমণের নানা আকর্ষণীয় সুযোগ।
এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও ওশেনিয়ার বিভিন্ন দেশ ও অঞ্চল নিয়ে সাজানো হয়েছে নতুন বছরের ১৭টি সম্ভাবনাময় ভ্রমণ গন্তব্যের তালিকা। এসব জায়গার বিশেষত্ব শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়; স্থানীয় অর্থনীতি, ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণেও পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
চলুন জেনে নেওয়া যাক ২০২৭ সালে ঘুরে দেখার মতো ১৭টি আকর্ষণীয় গন্তব্য।
আফ্রিকার পূর্ব উপকূলের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিশাল বাওবাব গাছ, বিরল বন্য প্রাণী এবং বিচিত্র উদ্ভিদজগৎ দেশটিকে প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ তসিঙ্গি দে বেমারাহা ন্যাশনাল পার্ক ছাড়াও রানোমাফানা ন্যাশনাল পার্ক ও আনজা রিজার্ভ ঘুরে দেখার সুযোগ রয়েছে।
কানাডার কুইবেক সিটি ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির এক অনন্য মিশ্রণ। শহরটির পুরোনো অংশের পাথুরে রাস্তা, ঐতিহাসিক ভবন এবং ফরাসি ঐতিহ্য পর্যটকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।
এ ছাড়া আলবার্টা প্রদেশের জ্যাসপার ন্যাশনাল পার্ক হিমবাহ, স্বচ্ছ নীল হ্রদ ও পাহাড়ি পথের জন্য বিখ্যাত।
২০২৭ সালে জাপানের ইসে-শিমা উপদ্বীপে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ‘ওকিহিকি’ উৎসব। প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো এই আয়োজন প্রতি ২০ বছর অন্তর অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয়রা বিশাল সাইপ্রেস গাছের গুঁড়ি টেনে মন্দির পুনর্নির্মাণের কাজে অংশ নেন। মে থেকে আগস্টের মধ্যে উৎসবটি উপভোগ করতে পারবেন পর্যটকেরা।
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের নির্জন দ্বীপ সেন্ট হেলেনা প্রকৃতির সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনার জন্য পরিচিত। আগ্নেয়গিরির পাহাড়, নিরিবিলি সমুদ্রসৈকত এবং জেমসটাউনের জর্জিয়ান স্থাপত্য পর্যটকদের মুগ্ধ করবে।
২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি দ্বীপটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ার কথা ‘ওয়ার্ল্ডস মোস্ট রিমোট ম্যারাথন’।
ব্রাজিলের সালভাদর শহর ২০২৭ সালের ফিফা নারী বিশ্বকাপের আয়োজক শহরগুলোর একটি হিসেবে বিশেষ আকর্ষণ তৈরি করবে। শহরটির আফ্রিকান সংস্কৃতি, সংগীত, নৃত্য ও খাবারের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ পেলোরিনিয়ো এলাকায় রয়েছে ঔপনিবেশিক আমলের ভবন, পুরোনো গির্জা ও পাথুরে রাস্তা।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ওকেফেনোকি জলাভূমি প্রকৃতি ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য আকর্ষণীয় স্থান। উত্তর আমেরিকার বৃহত্তম ব্ল্যাকওয়াটার জলাভূমিগুলোর একটি এটি।
এখানে নৌকায় জলাভূমি ঘুরে দেখা, বন্য প্রাণী পর্যবেক্ষণ এবং রাতে তারাভরা আকাশ উপভোগ করার সুযোগ রয়েছে।
ফ্রান্সের বুরগুন্ডি অঞ্চল আঙুরের বাগান, ঐতিহাসিক জনপদ ও খাবারের জন্য সুপরিচিত। ২০২৭ সালে ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি উপলক্ষে অঞ্চলটিতে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
চ্যালোঁ-সুর-সোন শহরে বিশেষ প্রদর্শনীর পাশাপাশি ডিজঁ শহরের ঐতিহাসিক স্থাপনা ও স্থানীয় বাজার ঘুরে দেখার সুযোগ রয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় পাহাড়, ঝরনা, সবুজ বন এবং জীবন্ত শিকড়ের সেতুর জন্য পর্যটকদের কাছে বিশেষ পরিচিত।
খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের স্থানীয় বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্ম ধরে গাছের শিকড় দিয়ে এসব সেতু তৈরি করে আসছেন। শিলংয়ের চেরি ব্লসম উৎসবও ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলতে পারে।
২০২৭ সালে স্বাধীনতার ৭০ বছর পূর্তি উদ্যাপন করবে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। ১৯৫৭ সালে দেশটি স্বাধীনতা অর্জন করে।
কেপ কোস্ট ও এলমিনা দুর্গ দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। রাজধানী আক্রায় রয়েছে আধুনিক শিল্পকলা, ফ্যাশন, সংগীত ও খাবারের বৈচিত্র্য। পাশাপাশি কাকুম ন্যাশনাল পার্কের ঝুলন্ত সেতুও পর্যটকদের আকর্ষণ করবে।
অস্ট্রেলিয়ার ডেইন্ট্রি রেইনফরেস্ট পৃথিবীর প্রাচীনতম গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলগুলোর একটি। ঘন সবুজ বন, সাদা বালুর সৈকত এবং বিরল বন্য প্রাণীর উপস্থিতি জায়গাটিকে অনন্য করে তুলেছে।
স্থানীয় আদিবাসী গাইডের সঙ্গে বন ঘুরে তাঁদের ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক জানার সুযোগ রয়েছে।
ইউরোপের স্লোভেনিয়ার বোহিনজ অঞ্চল পাহাড়, হ্রদ ও সবুজ উপত্যকার জন্য বিখ্যাত। জুলিয়ান আল্পসের কোলে অবস্থিত এই অঞ্চলের প্রধান আকর্ষণ বোহিনজ হ্রদ ও ত্রিগ্লাভ ন্যাশনাল পার্ক।
এখানে সাইকেল চালানো, পাহাড়ি গ্রাম ঘুরে দেখা এবং স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে।
স্কটল্যান্ডের শেটল্যান্ড দ্বীপপুঞ্জের আনস্ট দ্বীপ ব্রিটিশ দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরের জনবসতিপূর্ণ দ্বীপ।
২০২৭ সালে এখানে যুক্তরাজ্যের প্রথম লাইসেন্সপ্রাপ্ত উল্লম্ব রকেট উৎক্ষেপণ কেন্দ্র স্যাক্সাভোর্ড থেকে রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঐতিহাসিক দুর্গ, সমুদ্রসৈকত ও জাদুঘরও পর্যটকদের আকর্ষণ করবে।
দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশ পাহাড়, বন, বৌদ্ধ মন্দির এবং সমুদ্র উপকূলের জন্য পরিচিত।
সিওরাকসান ন্যাশনাল পার্কের পাহাড়ি পথে হাঁটা, জলপ্রপাত দেখা কিংবা নিরিবিলি মন্দিরে সময় কাটানোর সুযোগ রয়েছে। সোকচো শহরের সামুদ্রিক খাবারও পর্যটকদের বাড়তি আকর্ষণ।
ইতালির সার্ডিনিয়া দ্বীপ সমুদ্রসৈকতের পাশাপাশি প্রাচীন ইতিহাস ও গ্রামীণ সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত।
দ্বীপটির অভ্যন্তরীণ পাহাড়ি এলাকায় রয়েছে অসংখ্য প্রাচীন পাথরের স্থাপনা, সমাধি ও ঐতিহ্যবাহী বসতি। বারবাজিয়া অঞ্চলের গ্রামগুলো ঘুরে স্থানীয় খাবার ও জীবনযাপন সম্পর্কে জানা যায়।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহর একসময় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে নতুন রূপে গড়ে উঠেছে।
পুনর্নির্মিত নদীতীর, আধুনিক বিনোদনকেন্দ্র এবং হাঁটা ও সাইকেল চালানোর উপযোগী পথ শহরটিকে আরও আকর্ষণীয় করেছে। আশপাশের সমুদ্রসৈকত ও দক্ষিণ আল্পসের পাহাড়ি দৃশ্যও পর্যটকদের মুগ্ধ করবে।
রোমানিয়ার ট্রান্সিলভানিয়া অঞ্চলের হারগিতা কাউন্টি ২০২৭ সালে ইউরোপীয় গ্যাস্ট্রোনমি অঞ্চল হিসেবে বিশেষ পরিচিতি পেতে যাচ্ছে।
পাহাড়ি পরিবেশ, গ্রামীণ জনপদ ও ঐতিহ্যবাহী খাবারের জন্য জায়গাটি ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করবে। স্থানীয় অতিথিশালায় অবস্থান করে খাবারের পাশাপাশি গ্রামীণ জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।
পেরুর কর্দিয়েরা ব্লাঙ্কা অঞ্চল বরফঢাকা পাহাড়, হিমবাহ ও নীল হ্রদের জন্য বিশেষভাবে পরিচিত। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য চার দিনের সান্তা ক্রুজ ট্রেক হতে পারে আকর্ষণীয় অভিজ্ঞতা।
অন্যদিকে মধ্য এশিয়ার কাজাখস্তানের আলমাতি শহর তিয়ান শান পর্বতমালার পাদদেশে অবস্থিত। পাহাড়ি সৌন্দর্যের পাশাপাশি আধুনিক শিল্পকলা, ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির জন্য শহরটি পরিচিত।
বিশ্বের এসব গন্তব্যে ভ্রমণের অভিজ্ঞতা একেক রকম। কোথাও রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য, কোথাও ইতিহাস ও ঐতিহ্যের হাতছানি, আবার কোথাও স্থানীয় সংস্কৃতি ও খাবারের বৈচিত্র্য।
তাই ২০২৭ সালের ভ্রমণ পরিকল্পনায় পরিচিত পর্যটনকেন্দ্রের পাশাপাশি এসব জায়গাও রাখতে পারেন। তবে ভ্রমণের আনন্দের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়টিও মাথায় রাখা জরুরি।
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |