খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকার মাটির নিচ থেকে একটি পরিত্যক্ত ৮২ মি.মি. মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে শালবন এলাকার পল্লীটিলা থেকে এটি উদ্ধার করা হয়।
মর্টারশেলটির সন্ধান পান স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন। তিনি জানান, বাড়ির পাশে সবজি চাষের জন্য মাটি খোঁড়ার সময় প্রায় এক ফুট নিচে কোদালের সঙ্গে শক্ত কোনো লোহার বস্তুতে আঘাত লাগে। পরে মাটি সরিয়ে বস্তুটি তুলে তিনি তার ভাই সেকান্দারকে বিষয়টি জানান।
এরপর বস্তুটি কী, তা জানতে সেকান্দার সেটি বিভিন্ন স্থানে নিয়ে যান। একপর্যায়ে গঞ্জপাড়ার চেঙ্গী নদীর পাড়ে নিয়ে সেটি কাটার চেষ্টা করা হলে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি শনাক্ত করেন। এ সময় আশপাশের সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন। তবে এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল শনিবার সকালে মর্টারশেলটি পরীক্ষা করে দেখবেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |