| বঙ্গাব্দ

শেখ হাসিনা আর ফিরবেন না, আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী স্বপন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 309182 বার পঠিত
শেখ হাসিনা আর ফিরবেন না, আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী স্বপন
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দেন মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শেখ হাসিনা আর ফিরে আসবেন না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেছেন, শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে আত্মীয়স্বজন নিয়ে চলে গেছেন। তার জন্য নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডে জড়ানোর কারণ বোধগম্য নয়। ভুল পথে না গিয়ে সহাবস্থানে থাকার আহ্বান জানান তিনি। তবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

ফকির মাহবুব আনাম স্বপন বলেন, আট-নয় মাসের মাথায় কোনো সরকারের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও হবে, আর সরকার বসে থাকবে—এটা হতে পারে না। নতুন সরকারের সময়ে বিদেশি বিনিয়োগের জন্য সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না। শান্তি বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শেখ হাসিনা লাশের রাজনীতি করতে চাচ্ছেন, তবে এখনো তা করতে পারেননি।

একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদেরও সতর্ক করেন তিনি। মন্ত্রী বলেন, দলের নাম ব্যবহার করে কেউ সাধারণ মানুষের বাড়িঘরে লুটপাট, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এর আগে ধনবাড়ী উপজেলার ১ নম্বর বীরতারা ইউনিয়ন পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন এবং বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন তারা (তারা মিলিটারি) প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে মধুপুর পৌর শহরের টেকী মণ্ডলপাড়া এলাকায় বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, যুবদলের আহ্বায়ক হযরত শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী তাদের খোঁজখবর নেন এবং সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে জনগণ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে বৃহস্পতিবার রাতে মধুপুরে আসেন মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। শুক্রবার মধুপুরের কর্মসূচি শেষে বিকালে ধনবাড়ী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency