| বঙ্গাব্দ

সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 5058 বার পঠিত
সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
ছবির ক্যাপশন: সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত

জিটিএ-৬ নিয়ে মোদির পোস্টে সামাজিক মাধ্যমে আলোচনা, ভারতের ১৩ বছরের অগ্রগতির চিত্র তুলে ধরলেন

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’ মুক্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৩ বছরে ভারতের বিভিন্ন খাতে অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেছেন, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোদির সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টে ২০১৩ সালে ‘জিটিএ-৫’ মুক্তির সময় থেকে ২০২৬ সালে নতুন সংস্করণ ‘জিটিএ-৬’ প্রকাশ পর্যন্ত ভারতের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করা হয়েছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’ এতে গত এক দশকে দারিদ্র্য হ্রাস, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি, জ্বালানি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে। পোস্টের ছবিগুলোতে ব্যবহার করা হয়েছে ‘প্রাইসডাউন’ ফন্ট, যা জনপ্রিয় ‘জিটিএ’ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় পরিচিত।

‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতি

মোদির পোস্টে বলা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে।

২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দবন্ধটি ব্যবহার করেন। বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা এবং বিদেশি পুঁজির প্রবাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে এ শব্দ ব্যবহার করা হয়েছিল। দেশগুলো ছিল ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। বর্তমানে ভারত ওই তালিকায় নেই।

পোস্টে উঠে এসেছে যেসব অর্জন

ভারতের অন্যান্য অর্জনের মধ্যে পরিচ্ছন্নতা অভিযান, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ব্যাপক বৃদ্ধি, মহাকাশ প্রযুক্তি খাতে ৪৪০টি নিবন্ধিত স্টার্টআপ এবং রেলপথের বিদ্যুতায়নের অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে।

তরুণ ও গেমপ্রেমীদের সঙ্গে যোগাযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে পোস্টে। এতে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমেছে।

এ ছাড়া মাওবাদী প্রভাবিত এলাকার সংখ্যা কমে আসা এবং ৮০টির বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির বিষয়টিও ভারতের অর্জন হিসেবে তুলে ধরেছেন মোদি।

সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করে থাকেন নরেন্দ্র মোদি।

প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে পোস্টটিতে প্রায় ৬০ হাজার লাইক এবং দুই হাজারের কাছাকাছি মন্তব্য জমা পড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’। এর আগের মূল সংস্করণ ‘জিটিএ-৫’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে, প্রায় ১৩ বছর আগে।

ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, নতুন গেমটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই গেমটির আগাম বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার। কোনো ভিডিও গেমের ক্ষেত্রে এটিকে ইতিহাসের সর্বোচ্চ আগাম বিক্রির রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency