প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে মনোযোগী বাংলাদেশ। হার নিয়ে পড়ে না থেকে ম্যাচের ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। দলের অনুশীলনও ভালো হচ্ছে বলে জানিয়েছেন পেসার খালেদ আহমেদ।
২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। প্রথম টেস্টের হার ভুলে সামনে ভালো ক্রিকেট খেলার প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। খালেদ জানিয়েছেন, দলের ভাবনায় এখন অতীতের হার নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা।
দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় খালেদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই ওভারকাম করার চেষ্টা করছে। প্র্যাকটিসও ভালো হচ্ছে। আমার মনে হয়, যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা কিভাবে সামনে এগোব, সেটাই সবাই ভাবছি।’
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে মানিয়ে নেওয়ার বিষয়টিও অনুশীলনে গুরুত্ব পাচ্ছে। এ ক্ষেত্রে দলের দক্ষিণ আফ্রিকান ব্যাটিং ও সহকারী কোচের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছেন ক্রিকেটাররা। কোচ ও অধিনায়কের সঙ্গে এ নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে বলে জানান খালেদ।
তিনি বলেন, ‘এই কন্ডিশনে আমরা কিভাবে খেলব, তা নিয়ে দুই দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে আলোচনা করছি। কোচ ও ক্যাপ্টেনের বার্তা ছিল—যা চলে গেছে, তা নিয়ে চিন্তা না করে কিভাবে সামনে এগোনো যায়, ভালো ক্রিকেট খেলা যায়, সেদিকে মনোযোগ দিতে হবে।’
প্রথম টেস্টে তিন দিন ভালো ক্রিকেট খেলেও কিছু ভুলের কারণে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে সেই ম্যাচের ইতিবাচক দিকগুলোই এখন দলের আত্মবিশ্বাসের উৎস হয়ে উঠছে।
খালেদের ভাষায়, ‘আমরা তিন দিন খুবই ভালো ক্রিকেট খেলেছি। হয়তো কিছু ভুলের কারণে ম্যাচটা জিততে পারিনি। তবে এখান থেকে অনেক ইতিবাচক দিক নেওয়ার চেষ্টা করছি। আমাদের যা যা ইতিবাচক দিক আছে, সেগুলো নিয়েই এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে টিম ম্যানেজমেন্ট।’
দ্বিতীয় টেস্টে তাই বাংলাদেশের লক্ষ্য শুধু সিরিজে সমতা ফেরানো নয়, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়াও।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |