| বঙ্গাব্দ

দুবলার চরের উদ্দেশে ১০ সহস্রাধিক তীর্থযাত্রী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 22-11-2026 ইং
  • 185353 বার পঠিত
দুবলার চরের উদ্দেশে ১০ সহস্রাধিক তীর্থযাত্রী
ছবির ক্যাপশন: দুবলার চরের উদ্দেশে ১০ সহস্রাধিক তীর্থযাত্রী হয়

রাস উৎসবে যোগ দিতে সুন্দরবনের দুবলার চরে ছুটছেন ১০ হাজারের বেশি পুণ্যার্থী

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী যাত্রা শুরু করেছেন। রোববার (২২ নভেম্বর) সকাল থেকে ১০ হাজারের বেশি পুণ্যার্থী নৌপথে দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ।

বঙ্গোপসাগরের তীরবর্তী সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সোমবার (২৩ নভেম্বর) শুরু হবে দুই দিনব্যাপী রাস উৎসব। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে ঐতিহ্যবাহী এ ধর্মীয় আয়োজন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা হামিদুর রহমান জানান, রোববার দুপুর পর্যন্ত চাঁদপাই স্টেশন থেকে ২৯৪টি নৌযানে অনুমতিপত্র নিয়ে ৬ হাজার ২০৯ জন পুণ্যার্থী দুবলার চরের উদ্দেশে যাত্রা করেছেন। একই সময়ে ঢাংমারী স্টেশন থেকে ১১১টি নৌযানে ২ হাজার ৩৭১ জন তীর্থযাত্রী রওনা হয়েছেন।

এ ছাড়া সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভিন্ন স্টেশন থেকেও বিপুলসংখ্যক পুণ্যার্থী রাস উৎসবে যোগ দিতে দুবলার চরের উদ্দেশে যাত্রা করেছেন।

রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান, প্রতি বছরের মতো এবারও আলোরকোলে রাস উৎসব পালনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে উৎসবস্থলে অস্থায়ী মন্দির নির্মাণের পাশাপাশি রাধাকৃষ্ণের প্রতিমা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ধর্মীয় তিথি অনুযায়ী সোমবার রাতে অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা-অর্চনা, ভজন ও কীর্তনের আয়োজন করা হবে। মঙ্গলবার ভোরে পুণ্যার্থীরা সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন।

উৎসবে সাতক্ষীরা, মোংলা, দাকোপ, চালনা, বটিয়াঘাটা, ডুমুরিয়া, খুলনা, পিরোজপুর, নড়াইল, ঢাকা ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ নিচ্ছেন।

এদিকে রাস উৎসবকে ঘিরে সুন্দরবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, রোববার সকাল থেকে শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের রাস উৎসবে যাওয়ার অনুমতিপত্র দেওয়া হচ্ছে।

পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে পাঁচটি নির্ধারিত নৌপথ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। উৎসব নির্বিঘ্ন রাখতে বনরক্ষী, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছেন।

বিশেষ করে পুণ্যার্থীদের যাতায়াতের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে সুন্দরবনের হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী শিকার করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি রাখা হচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দশক ধরে রাস উৎসব উপলক্ষে দুবলার চরের আলোরকোলে জমজমাট মেলার আয়োজন করা হতো। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থী, দর্শনার্থী ও ব্যবসায়ীদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও অংশ নিতেন।

তবে অতিরিক্ত জনসমাগম, বর্জ্য ও শব্দদূষণের কারণে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। একই সঙ্গে পুণ্যার্থীর ছদ্মবেশে সংঘবদ্ধ হরিণ শিকারি চক্রের তৎপরতার অভিযোগও ওঠে।

এসব পরিস্থিতি বিবেচনায় ২০২১ সাল থেকে দুবলার চরের রাস উৎসব উপলক্ষে মেলা আয়োজন বন্ধ করে দেয় বন বিভাগ। এরপর থেকে উৎসবটি শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।

এবারও একই নিয়মে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে রাস উৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগের নজরদারি অব্যাহত থাকবে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency