প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
টাঙ্গাইলের মির্জাপুরে কলেজছাত্র রবিউল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সাত দিনের রিমান্ড আবেদন করে বিকালে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের জুলহাস আলী মিয়ার ছেলে রাহাত (২১) এবং একই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে সাব্বির মিয়া ওরফে রাব্বি (২০)।
এর আগে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে নিখোঁজ কলেজছাত্র রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রবিউল ইসলাম মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের কফিল সারেংয়ের ছেলে। তিনি শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
এ ঘটনায় নিহতের ভগ্নিপতি জহিরুল ইসলাম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের রাজীব চাঁনের বাড়িতে বার্ষিক ওরশ উপলক্ষে লালনসংগীতের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে গান শুনতে রাত ৮টার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন রবিউল।
রাত ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠান চলাকালে পাশের গেড়ামারা ও গোহাইলবাড়ি গ্রামের কয়েকজন তরুণের সঙ্গে রবিউল ও তার বন্ধুদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই তরুণেরা রবিউল ও তার বন্ধুদের মারধর করতে উদ্যত হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রবিউল তার বন্ধুদের সঙ্গে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রবিউলের সন্ধান পাননি।
পরে শনিবার বিকাল ৪টার দিকে ওরশের অনুষ্ঠানস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে রবিউলের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
রোববার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় রবিউলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মামলার বাদী ও নিহতের ভগ্নিপতি জহিরুল ইসলাম জানান, রবিউলের বন্ধুদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, গ্রেপ্তার রাহাতের নেতৃত্বে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মামলার তদন্ত কর্মকর্তা ও মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রবিউলের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হবে।
এদিকে কলেজছাত্র রবিউলের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |