প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
আগামী ডিসেম্বরের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টির পরিকল্পনা করছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা ব্যবহারের উদ্যোগ নিচ্ছেন তারা। তবে এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রমে অচলাবস্থা বা ‘গভর্নমেন্ট শাটডাউন’ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি খাদ্য ও জ্বালানির মূল্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরার বিশ্লেষণভিত্তিক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল ডেমোক্রেটিক পার্টি। যুদ্ধ নিয়ে জনসাধারণের অসন্তোষ নির্বাচনে দলটির সাফল্যে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেস দায়িত্ব গ্রহণের পর যুদ্ধের জন্য নতুন তহবিল অনুমোদনে বাধা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ডেমোক্র্যাটদের অনেক আইনপ্রণেতা। তবে দলের একাংশ তার আগেই অর্থায়ন নিয়ন্ত্রণের মাধ্যমে ইরানে মার্কিন সামরিক অভিযান বন্ধ করতে চাইছেন।
১১ ডিসেম্বরকে সামনে রেখে ডেমোক্র্যাটদের পরিকল্পনা
আগামী ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিরক্ষাসহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থার কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ তহবিল বিল অনুমোদন করতে হবে কংগ্রেসকে।
প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য ইয়াসামিন আনসারি ও রো খান্না এক যৌথ বিবৃতিতে সহকর্মীদের প্রতি এই সময়সীমা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
তাদের দাবি, ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযানে সরকারি অর্থ ব্যবহারের ওপর সুস্পষ্ট নিষেধাজ্ঞা না থাকলে কোনো তহবিল প্যাকেজ অনুমোদন করা উচিত নয়।
নির্ধারিত সময়ের মধ্যে তহবিল বিল অনুমোদিত না হলে ১২ ডিসেম্বর থেকে বিভিন্ন সরকারি সংস্থার কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হতে পারে।
সিনেটর ক্রিস ভ্যান হোলেনও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে বরাদ্দকৃত অর্থ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তার সঙ্গে একমত পোষণ করেছেন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ, মাইকেল বেনেট এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স।
ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগাতে চান আইনপ্রণেতারা
ডেমোক্র্যাট আইনপ্রণেতা রো খান্না মনে করেন, ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সম্পৃক্ততা বন্ধে কংগ্রেস যেভাবে অর্থায়ন নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহার করেছিল, ইরানের ক্ষেত্রেও অনুরূপ পদক্ষেপ নেওয়া যেতে পারে।
দীর্ঘদিন ধরে চলা ভিয়েতনাম যুদ্ধ যুক্তরাষ্ট্রে ব্যাপক জনবিরোধিতার মুখে পড়েছিল। যুদ্ধের বিপুল ব্যয়, প্রাণহানি এবং মার্কিন বাহিনীর নৃশংসতার খবর প্রকাশিত হওয়ার পর যুদ্ধবিরোধী আন্দোলন আরও জোরদার হয়।
১৯৭৩ সালে মার্কিন কংগ্রেস ‘কেস-চার্চ সংশোধনী’র মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক অভিযানে কেন্দ্রীয় তহবিল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
একই বছর ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ পাসের মাধ্যমে সামরিক সংঘাতে প্রেসিডেন্টের ক্ষমতার ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ জোরদার করা হয়। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এতে ভেটো দিলেও কংগ্রেস তা অগ্রাহ্য করে। পরবর্তী সময়ে ১৯৭৫ সালের এপ্রিলে দক্ষিণ ভিয়েতনাম সরকারের পতনের মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটে।
শাটডাউন নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে মতভেদ
ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে ডেমোক্র্যাটদের মধ্যে ব্যাপক সমর্থন থাকলেও সরকারি কার্যক্রম অচল করে দেওয়ার কৌশল নিয়ে মতভেদ রয়েছে।
প্রতিনিধি পরিষদের প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য রোজা ডেলাউরো জানিয়েছেন, তিনি যুদ্ধের অর্থায়ন বন্ধের পক্ষে। তবে সরকারি কার্যক্রমে অচলাবস্থা তৈরির পরিবর্তে স্বল্পমেয়াদি তহবিল অনুমোদনের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার পক্ষে মত দিয়েছেন তিনি।
তার মতে, মার্কিন জনগণ যুদ্ধের অবসান চান। কিন্তু সরকারি কার্যক্রম বন্ধ করে দিলেই যুদ্ধ বন্ধ হবে কি না, সে বিষয়ে জনগণের মধ্যে সংশয় থাকতে পারে।
ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস এবং সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার এ কৌশল নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট অবস্থান জানাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্পের ভেটো ক্ষমতা বড় বাধা
যুদ্ধের অর্থায়ন বন্ধে ডেমোক্র্যাটদের উদ্যোগের অন্যতম বড় বাধা হতে পারে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগামী কংগ্রেসে ডেমোক্র্যাটরা সিনেটে ৫৬টি এবং প্রতিনিধি পরিষদে ২৫৭টি আসন পেয়েছেন। তবে প্রেসিডেন্টের ভেটো অকার্যকর করতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তাদের নেই।
সিনেটে সব সদস্য ভোট দিলে ভেটো বাতিল করতে ৬৭টি এবং প্রতিনিধি পরিষদে ২৯০টি ভোট প্রয়োজন হবে। ফলে ডেমোক্র্যাটদের উদ্যোগ সফল করতে রিপাবলিকান আইনপ্রণেতাদেরও সমর্থন প্রয়োজন হবে।
এর আগে যুদ্ধসংক্রান্ত প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে ডেমোক্র্যাটরা একাধিকবার কংগ্রেসে প্রস্তাব উত্থাপন করলেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি।
রিপাবলিকানদের একাংশ যুদ্ধের বিপুল ব্যয়ের বিষয়টি স্বীকার করলেও সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।
এমন পরিস্থিতিতে ডিসেম্বরের তহবিল বিলকে কেন্দ্র করে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বিরোধ আরও বাড়তে পারে। তবে অর্থায়ন বন্ধের উদ্যোগ ইরান যুদ্ধের অবসান ঘটাতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে উভয় দলের আইনপ্রণেতাদের অবস্থান এবং পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |