প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির বিরোধী দল। তাদের যথাযথ চিকিৎসা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিরোধীদলীয় নেতারা।
সোমবার (২৩ নভেম্বর) পাকিস্তানের জাতীয় পরিষদ ও সিনেটের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাই ও আল্লামা রাজা নাসির আব্বাস ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) এবং ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের কাছে এ বিষয়ে চিঠি পাঠান।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে ইমরান খানের আইনজীবী অ্যাডভোকেট খালিদ ইউসুফ চৌধুরী জানান, বিরোধীদলীয় নেতারা চিঠিটিকে আবেদন হিসেবে গ্রহণ করে মৌলিক অধিকারসংক্রান্ত মামলা হিসেবে শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আদালতের নির্দেশ বাস্তবায়ন না করার অভিযোগ
গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। তবে সেই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতারা।
রাষ্ট্রকে আদালতের আদেশ ও সাংবিধানিক দায়িত্ব পালনে বাধ্য করতে ‘রিট অব ম্যান্ডামাস’ জারির আবেদনও জানিয়েছেন তারা।
সাত পৃষ্ঠার চিঠিতে বিরোধীদলীয় নেতারা দাবি করেন, রাষ্ট্রীয় হেফাজতে ইমরান খানের জীবন ঝুঁকির মুখে রয়েছে। গত তিন মাস ধরে সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
চিঠিতে গত ১৬ নভেম্বর আদিয়ালা কারাগার থেকে ইমরান খানের লেখা খোলা চিঠির প্রসঙ্গ উল্লেখ করে সংবিধান ও আদালতের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘদিন নির্জন কারাবাসে রাখার অভিযোগ
বিরোধীদলীয় নেতারা জাতিসংঘের বন্দিদের সঙ্গে আচরণসংক্রান্ত ন্যূনতম মানদণ্ডের কথা উল্লেখ করে জানান, আন্তর্জাতিক বিধিমালা অনুযায়ী টানা ১৫ দিনের বেশি নির্জন কারাবাস নিষিদ্ধ। অথচ ইমরান খানকে প্রায় ১১ মাস ধরে এমন পরিবেশে রাখা হয়েছে বলে তাদের অভিযোগ।
তারা আরও জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও ইমরান খানের মুক্তি ও তার সঙ্গে যথাযথ আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) এবং নির্যাতনবিরোধী কনভেনশনের (সিএটি) স্বাক্ষরকারী দেশ হিসেবে পাকিস্তানের মানবাধিকারসংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকার পালনের বাধ্যবাধকতা রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
চিকিৎসাসেবা নিয়ে বিরোধীদের প্রশ্ন
চিঠিতে অভিযোগ করা হয়েছে, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের পর ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানাধীন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) নেওয়া হয়েছিল।
পরবর্তী সময়ে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো চিকিৎসা বোর্ডও গঠন করা হয়নি বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতারা।
তাদের অভিযোগ, তিন মাস পেরিয়ে গেলেও আদালতের নির্দেশের গুরুত্বপূর্ণ অংশগুলো বাস্তবায়িত হয়নি। এ সময়ের মধ্যে ইমরান খানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলেও দাবি করেছেন তারা।
বুশরা বিবির দৃষ্টিশক্তি নিয়েও উদ্বেগ
চিঠিতে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিরোধীদলীয় নেতাদের দাবি, স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি এড়াতে তার দ্বিতীয় দফায় চোখের অস্ত্রোপচার প্রয়োজন। তবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের সুযোগ সীমিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
উভয়ের যথাযথ চিকিৎসা, নিরাপত্তা এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আদালতগুলোর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন বিরোধীদলীয় নেতারা।
তবে এসব অভিযোগের বিষয়ে পাকিস্তান সরকার কিংবা কারা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |