প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই প্রথম ধাপে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন ১১২ জন বাংলাদেশি কর্মী। ওই দিন সন্ধ্যা ৭টায় কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কাজে যোগ দেবেন। তাদের যাতায়াতসহ অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
তবে প্রথম ফ্লাইটের পর অবশিষ্ট কর্মীদের মালয়েশিয়া যাওয়ার সময়সূচি এখনো জানা যায়নি।
বিনা খরচে পাঠানো হবে ১০ হাজার কর্মী
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে অনলাইন লটারির মাধ্যমে কর্মী বাছাই করা হয়েছে।
গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেতে অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
আবেদনকারীদের মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়।
যেভাবে চূড়ান্ত করা হলো ১১২ কর্মী
দুই দিনব্যাপী সাক্ষাৎকারে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থীর মধ্যে কয়েকজন অনুপস্থিত থাকায় অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে পুনরায় লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
পরবর্তী সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মীকে নির্বাচিত করে ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।
দীর্ঘ আড়াই বছর পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর এই উদ্যোগ দেশের বৈদেশিক কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর ব্যবস্থা বিদেশগামী শ্রমিকদের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |