নারায়ণগঞ্জ শহরের ফতুল্লার উত্তর মাসদাইর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে গাবতলী রোডে এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে আসা চারজনের একটি দল এ ঘটনায় জড়িত বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে দুটি দল গঠন করে তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর মাসদাইর আমানা গার্মেন্টসের পাশে গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহারের জন্য টিন দিয়ে একটি অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়েছে। স্থানীয়ভাবে এটি ‘বিএনপি ক্লাব’ নামে পরিচিত।
রোববার রাত আনুমানিক সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে আসে। একটি মোটরসাইকেলের দুই আরোহী কার্যালয়ের সামনে অবস্থান করে পাহারা দিতে থাকেন।
অন্য মোটরসাইকেল থেকে হেলমেট পরা এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে সেখানে থাকা একটি প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে সহযোগীদের সঙ্গে মোটরসাইকেলে করে প্রধান সড়ক দিয়ে পালিয়ে যান।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, অগ্নিসংযোগের ঘটনাস্থলটি আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক কার্যালয় নয়। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সেখানে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন।
তবে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। মোটরসাইকেলে এসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য পুলিশের দুটি দল কাজ করছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, ঘটনাস্থলটি তাদের আনুষ্ঠানিক কোনো দলীয় কার্যালয় নয়। তবে বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে নিয়মিত বসতেন।
রাতের আঁধারে সংঘটিত এ অগ্নিসংযোগের ঘটনায় এখনো জড়িত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং মোটরসাইকেলে আসা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |