প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোররাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল থেকে তারা নিখোঁজ ছিলেন।
নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সি মেয়ে জয়শ্মিতা বিশ্বাস। তারা দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাদের ১১ মাস বয়সি মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স তিন মাস থাকতেই রোগটি শনাক্ত হয়। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে তার স্ত্রী সব সময় দুশ্চিন্তায় থাকতেন।
মেয়েকে সারা জীবন রক্ত দিতে হবে এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজন হবে—এমন চিন্তা থেকে তিনি গভীর হতাশায় ভুগছিলেন বলে জানান জীবনানন্দ।
তিনি আরও বলেন, স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চার-পাঁচ দিন আগেও তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নিয়ে গিয়েছিলেন। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করানো হয়। ওষুধ সেবন করানো হলেও তার অবস্থার তেমন উন্নতি হয়নি।
জীবনানন্দ বিশ্বাস জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে তার স্ত্রী মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্ত্রীর সঙ্গে কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বলেন, দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |