| বঙ্গাব্দ

বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি ফাঁস, ঘটনা কী?

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 34148 বার পঠিত
বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি ফাঁস, ঘটনা কী?
ছবির ক্যাপশন: বিক্রির নথি ফাঁস, ঘটনা কী?

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা ছিল ইনফান্তিনোর

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ বেসরকারি ইকুইটি বিনিয়োগ পরিকল্পনায় বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির প্রস্তাব ছিল। এই পরিকল্পনাই তার সভাপতিত্বের সবচেয়ে বড় সংকটের সূচনা করেছিল।

মঙ্গলবার অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পর্যালোচিত ফিফা ও বিনিয়োগকারী জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের মধ্যে আদান-প্রদান করা নথিতে দেখা গেছে, পরিকল্পিত ২০ বিলিয়ন ডলারের সহযোগী প্রতিষ্ঠান ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস’ (এফএফই) তাদের নির্বাহীদের ব্যবস্থাপনা-সংক্রান্ত বোনাস হিসেবে কয়েক কোটি ডলার দিতে পারত।

ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, পুরুষদের বিশ্বকাপের ফাইনালের দিন ১৯ জুলাইয়ের সপ্তাহান্তে নিউইয়র্কে এফএফই চুক্তিটি চূড়ান্ত করার দিকে এগোচ্ছিল ফিফা।

আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের ফাইনাল জয়ের নয় দিন পর গোপন এই প্রকল্পের বিষয়টি প্রকাশ্যে আসে। ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি প্রত্যাহার করেন ইনফান্তিনো।

ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে ফিফার নিজস্ব ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনও রয়েছে। এতে দেখা যায়, সংস্থাটির নিজস্ব অর্থ বিভাগের কর্মকর্তারা এই লেনদেনের কাঠামো তৈরির বিষয়ে সরাসরি অবগত ছিলেন না।

ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই চুক্তির আওতায় ফিফা একটি মুনাফাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে। ফিফার ইভেন্টগুলোর সব বাণিজ্যিক স্বত্ব পরবর্তী ৯৬ বছরের জন্য বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে।’

২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ফিফা সভাপতি নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইনফান্তিনো। আগামী ১৮ মার্চ মরক্কোয় অনুষ্ঠেয় নির্বাচনের আগে তার দুই প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা প্রচার চালাচ্ছেন। তবে আরেক মেয়াদে ইনফান্তিনোর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

এফএফইর বেসরকারি ইকুইটি বিনিয়োগ পরিকল্পনাটি ইনফান্তিনোর নেতৃত্বের ধরন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক নিয়ে ইউরোপ ও জাপানে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এর মধ্যে রয়েছে ফিফার শান্তি পুরস্কার চালু এবং বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের ওপর বাধ্যতামূলক এক ম্যাচের নিষেধাজ্ঞা মওকুফের সিদ্ধান্ত।

ফাঁস হওয়া নথিতে আরও দেখা গেছে, থ্রাইভ ক্যাপিটালকে প্রধান বিনিয়োগকারী হিসেবে চূড়ান্ত করার আগে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সের সঙ্গে আলোচনা করেছিল ফিফা।

একটি নথিতে অ্যাফিনিটি পার্টনার্সের নাম উল্লেখ করে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কেন ফিফা উন্মুক্ত দরপত্র আহ্বান করেনি। এতে বলা হয়, ‘প্রস্তাবিত বিনিয়োগের সুনির্দিষ্ট ও অনন্য বৈশিষ্ট্যের কারণে এবং সম্ভাব্য কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আগ্রহ নিয়ে দ্বিপক্ষীয় ও একতরফা আলোচনা হওয়ায়’ দরপত্র আহ্বান করা হয়নি।

১৭ জুলাই তারিখে ‘প্রজেক্ট বক্স’ নামের পরিকল্পনাটি নিয়ে ফিফার সঙ্গে ‘ব্যাকস্টপ লেটার অ্যান্ড ট্রানজ্যাকশন টার্মস’ শীর্ষক একটি নথি তৈরি করেছিল থ্রাইভ।

নথিতে ‘ম্যানেজমেন্ট ইনসেনটিভ প্ল্যান’ বা ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রণোদনা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। এতে বলা হয়েছিল, এফএফইর পরিচালনা পর্ষদ নির্বাহীদের বোনাস নির্ধারণ করবে। ওই পর্ষদের চেয়ারম্যান হওয়ার কথা ছিল দায়িত্বে থাকা ফিফা সভাপতি ইনফান্তিনোর।

প্রকল্পটি সম্পর্কে এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘এ ধরনের কাঠামোর প্রস্তাবে এটি একটি প্রচলিত ব্যবস্থা।’

ফিফা বারবার বলে এসেছে, এটি ছিল কেবল একটি প্রস্তাব, যা সংস্থাটির ২১১টি সদস্য ফেডারেশনের অনুমোদন পেতে হতো। সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ফিফার কার্যত মালিক এই সদস্য ফেডারেশনগুলো।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আরও বলেছে, ‘ফিফার নেতৃত্বের সদস্যরা কেবল পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন, যার ফলে তাঁদের অতিরিক্ত পারিশ্রমিক পাওয়ার সুযোগ তৈরি হতো না।’

ফাঁস হওয়া নথিগুলো প্রথম সোমবার প্রকাশ করে নিউইয়র্ক পোস্ট।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা প্রস্তাবিত স্বত্ব বিক্রির বিষয়ে ফিফার নথিপত্র পাওয়ার চেষ্টা করে আসছে। সম্প্রতি ম্যানহাটনের একটি আদালতে এ বিষয়ে জয় পেয়েছে তারা। নথি প্রকাশে বাধা দেওয়ার জন্য ফিফার করা আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক।

ইনফান্তিনোকে ফিফা সভাপতির পদ থেকে সরানোর বৃহত্তর কৌশলের অংশ হিসেবে গত আগস্টে আদালতে নথি জমা দিয়েছিল উয়েফা। এর মধ্যে সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে সম্ভাব্য ফৌজদারি অভিযোগ দায়েরের বিষয়টিও রয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency