| বঙ্গাব্দ

অর্থনৈতিক নিরাপত্তা ও সাপ্লাই চেইন বৈচিত্র্যকরণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-11-2026 ইং
  • 75687 বার পঠিত
অর্থনৈতিক নিরাপত্তা ও সাপ্লাই চেইন বৈচিত্র্যকরণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ
ছবির ক্যাপশন: বার্লিনে কৌশলগত অংশীদারিত্ববিষয়ক গোলটেবিল আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক নিরাপত্তা এবং কৌশলগত সরবরাহ শৃঙ্খলের (সাপ্লাই চেইন) বৈচিত্র্যকরণে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির বার্লিনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় কৌশলগত অংশীদারিত্ব’ (Strategic Partnership in a Changing Global Order) শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি অভিন্ন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় বর্তমান পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় বাংলাদেশ বাস্তবসম্মত ও কৌশলগত অংশীদারিত্বকে গুরুত্ব দিচ্ছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জার্মানিসহ দীর্ঘদিনের বিশ্বস্ত বৈশ্বিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়, মানব ও সামাজিক উন্নয়ন, নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বৈশ্বিক দক্ষিণ ও উত্তরের (গ্লোবাল সাউথ-নর্থ) মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সহযোগিতা পারস্পরিকভাবে লাভজনক এবং একে অপরের পরিপূরক।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার জনগণের স্বার্থকে কেন্দ্রবিন্দুতে রেখে কৌশলগত ভারসাম্যের মাধ্যমে ‘বাংলাদেশ ফার্স্ট’ (Bangladesh First) নীতি বাস্তবায়ন করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি থেকে উদ্ভূত নতুন সুযোগগুলো কাজে লাগাতে বাংলাদেশ সজাগ রয়েছে। একই সঙ্গে গণতন্ত্র, বহুপাক্ষিকতাবাদ, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং তাদের টেকসই প্রত্যাবাসনসহ বৈশ্বিক মানবিক সংকটের বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সবসময় সোচ্চার রয়েছে।

গোলটেবিল আলোচনায় থিঙ্ক ট্যাঙ্ক, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও), পেশাজীবী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন। সেখানে ক্রমবর্ধমান আর্থসামাজিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে গ্লোবাল সাউথ ও গ্লোবাল নর্থের অভ্যন্তরীণ এবং পারস্পরিক আন্তর্জাতিক অংশীদারিত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency