| বঙ্গাব্দ

নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ, মামলা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-11-2026 ইং
  • 90793 বার পঠিত
নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ, মামলা
ছবির ক্যাপশন: নওগাঁর মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা হয়েছে।

নওগাঁর মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা হয়েছে। লাইসেন্স ছাড়াই চালকল পরিচালনার অভিযোগেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদালতের নির্দেশে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (নিয়ন্ত্রণ) আইন-২০২৩ অনুযায়ী খাদ্য পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলাটি করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর মহাদেবপুর থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলাম তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগকারী খাদ্য পরিদর্শক মো. সোহেল রানার জবানবন্দি গ্রহণ করেন এবং জিডিতে উল্লেখিত অভিযোগ ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিবেদন পর্যালোচনা করেন।

পর্যালোচনা শেষে দেখা যায়, জব্দ করা চাল সরকারি গুদামের না হলেও খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় চাল মজুত রাখা এবং লাইসেন্সবিহীন চালকল পরিচালনার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।

এরপর সংশ্লিষ্ট খাদ্য পরিদর্শককে এজাহারকারী করে নিয়মিত মামলা রুজুর জন্য মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত। একই সঙ্গে মামলা রুজুর পর এজাহার ও সংশ্লিষ্ট কাগজপত্র ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, আদালতের নির্দেশনার পর খাদ্য পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে শুক্রবার বিকেলে থানায় মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রাত ১১টার দিকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উপজেলার শরীফপুর মোড়ের দক্ষিণ পাশের একটি চালকলের গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা চাল জব্দ করে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency