দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এবার প্রতি লিটারে ৩ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ২০২২ সালে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ছিল ২০৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৮৫ টাকা। ফলে নতুন নির্ধারিত দাম আগের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গেছে।
জানা গেছে, চলতি বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। এরপর ২৯ এপ্রিল ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়। সর্বশেষ প্রতি লিটারে আরও ৩ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ, চলতি বছরে তিন দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ১২ টাকা।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও সরবরাহ পরিস্থিতি বিবেচনা করেই দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বুকিং দর বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতেই এ মূল্য সমন্বয় করা হয়েছে। তবে বাজার বিশ্লেষকদের মতে, ২০২২ সালের মতো এবার দাম বৃদ্ধির পেছনে বড় কোনো আন্তর্জাতিক সংকটের যুক্তি সামনে আসেনি।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। তবে খোলা পাম অয়েলের দাম লিটারপ্রতি আগের মতো ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক সরবরাহব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়। বিশ্বের অন্যতম বৃহৎ সূর্যমুখী ও ভোজ্যতেল রপ্তানিকারক দেশ ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে ভোজ্যতেলের তীব্র সংকট তৈরি হয়। একই সময়ে বিশ্বের শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া অভ্যন্তরীণ বাজার সামাল দিতে সাময়িকভাবে পাম অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে বিশ্ববাজারে সয়াবিন তেলের চাহিদা ও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক বছরের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। এ ছাড়া খোলা পাম অয়েলের দাম বেড়েছে ১০ শতাংশ।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের বিদ্যমান মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরা হয়। সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর বিশ্ববাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। তাই আসন্ন রমজান উপলক্ষে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাজারে বোতলজাত সয়াবিন তেল গায়ের নির্ধারিত দামে পাওয়া গেলেও খোলা সয়াবিন তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যমতে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ বেশি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |