দক্ষিণ এশিয়ার আটটি দেশে বৈবাহিক ধর্ষণ মোকাবিলায় পর্যাপ্ত আইন না থাকায় লাখ লাখ নারী ও কিশোরী সুরক্ষাহীন অবস্থায় রয়েছেন। এ অঞ্চলে ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার হার বৈশ্বিক গড়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
বিশ্বের ১০০টিরও বেশি দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ কয়েকটি দেশে এখনো বৈবাহিক ধর্ষণকে পূর্ণাঙ্গভাবে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ মালদ্বীপে স্ত্রীর সঙ্গে ধর্ষণের শাস্তি অন্য যেকোনো ধর্ষণের সমান। গবেষণায় বলা হয়েছে, নেপাল ও ভুটানে বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত হলেও এ অপরাধের শাস্তি তুলনামূলক কম।
অঞ্চলটির নারী অধিকার সংগঠনগুলোর জোট ‘সমাজ’-এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
নারী অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইকুয়ালিটি নাউয়ের রঞ্জিতা সিলওয়াল বলেন, দক্ষিণ এশিয়ার বৈবাহিক ধর্ষণসংক্রান্ত আইনগুলোর বেশির ভাগই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল থেকে এসেছে।
ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালে এবং শ্রীলঙ্কায় ১৮৮৫ সালে প্রণীত আইনে ধর্ষণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে স্বামীর যৌন সম্পর্কের বিষয়টিও রয়েছে।
অধিকারকর্মীদের মতে, এসব আইন এখন সেকেলে। তাঁদের বক্তব্য, জোরপূর্বক যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে বিবেচিত হওয়া উচিত, অপরাধী স্বামী হোন বা অন্য কেউ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বৈবাহিক যৌন সহিংসতা নারীর শারীরিক, মানসিক, আবেগীয় ও যৌন সুস্থতার ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।
বিশ্বের ১০০টিরও বেশি দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যও রয়েছে। দেশটি ১৯৯১ সালে এ-সংক্রান্ত আইন পরিবর্তন করে। তবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে এখনো স্বামীদের ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতির বিধান রয়েছে।
পাকিস্তান ২০০৬ সালে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে এ ধরনের ব্যতিক্রমী বিধান বাতিল করে। তবে উচ্চ আদালতের কোনো রায়ে এখনো নিশ্চিত করা হয়নি যে বিবাহের ক্ষেত্রেও ধর্ষণসংক্রান্ত আইন প্রযোজ্য। সম্প্রতি দেশটির একটি উচ্চ আদালতের রায়ে সম্মতিহীন যৌন সম্পর্কের ক্ষেত্রে স্বামীদের দায়মুক্তির সুযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
২০২১ সালে আবার ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে নারীদের সুরক্ষাব্যবস্থা ক্রমাগত সংকুচিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রঞ্জিতা সিলওয়াল বলেন, জানুয়ারিতে চালু হওয়া নতুন দণ্ডবিধি পরিস্থিতি আরও কঠিন করেছে। এ আইনে স্বামী স্ত্রীর বিরুদ্ধে সহিংসতার জন্য তখনই বিচারের মুখোমুখি হতে পারেন, যখন তিনি স্ত্রীর হাড় ভেঙে দেন, খোলা ক্ষত সৃষ্টি করেন অথবা গুরুতর কালশিটে দাগ তৈরি করেন। এমনকি দোষী সাব্যস্ত হলেও তাঁর সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে।
নতুন আইনে বৈবাহিক ধর্ষণের কোনো উল্লেখ নেই। তবে শাস্তিযোগ্য সহিংসতার সংকীর্ণ সংজ্ঞার কারণে নারীরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন অধিকারকর্মীরা।
সিলওয়াল বিবিসিকে বলেন, ‘এর পেছনে এমন একটি ধারণা কাজ করে যে বিয়ের মধ্যেই যৌন সম্পর্কের সম্মতি নিহিত থাকে। অর্থাৎ বিয়ে এমন একটি সীমারেখা, যেখানে সম্মতির আর প্রয়োজন থাকে না।’
তিনি আরও বলেন, ‘এটি সচেতনতার অভাব প্রকাশ করে। এখনো নারীদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতা রয়ে গেছে।’
এমন এক সময়ে প্রতিবেদনটি প্রকাশিত হলো, যখন দক্ষিণ এশিয়াজুড়ে বৈবাহিক ধর্ষণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ভারতে এ-সংক্রান্ত আইন চ্যালেঞ্জ করে করা ১০টি আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী ৯ ডিসেম্বর এসব আবেদনের চূড়ান্ত শুনানি শুরু হওয়ার কথা।
বছরের পর বছর ধরে এ বিষয়ে আদালত পরস্পরবিরোধী রায় দিয়েছেন। কয়েকজন বিচারক আইনটিকে সেকেলে বলে মন্তব্য করেছেন এবং বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করতে সংসদকে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
গত বছর এক ব্যক্তির বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ছিল এবং পরে ওই স্ত্রীর মৃত্যু হয়।
তবে ভারতের সরকার, ধর্মীয় সংগঠন এবং পুরুষ অধিকারকর্মীরা সুপ্রিম কোর্টে করা আবেদনগুলোর বিরোধিতা করেছেন। তাঁদের যুক্তি, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হলে তা হবে ‘অত্যধিক কঠোর’ পদক্ষেপ।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশেও মানবাধিকার সংগঠনগুলো বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্বামীদের দায়মুক্তির বিধানকে চ্যালেঞ্জ করেছে। তাদের যুক্তি, এ বিধান জীবন, ব্যক্তিস্বাধীনতা এবং নির্যাতন ও নিষ্ঠুর আচরণ থেকে সুরক্ষার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।
সিলওয়াল বলেন, ‘যারা বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার বিরোধিতা করেন, তাঁদের যুক্তি হলো, এতে পারিবারিক কাঠামো দুর্বল হবে এবং পরিবার ভেঙে যাবে। আমাদের দেশগুলোতে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘তাদের আশঙ্কা, এতে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে এবং পুরুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হতে পারে।’
তবে আইন পরিবর্তন করলেই যে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন, এমন নিশ্চয়তা নেই বলেও মনে করেন সিলওয়াল।
এ প্রসঙ্গে তিনি ভুটানের উদাহরণ তুলে ধরেন। দেশটিতে বৈবাহিক ধর্ষণ অপরাধ হলেও একে লঘু অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এ অপরাধে এক মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
অন্যদিকে নেপালে ধর্ষণের শাস্তি ছয় থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড। তবে কোনো স্বামী তাঁর স্ত্রীকে ধর্ষণ করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |