| বঙ্গাব্দ

ঢাকার চারপাশের নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 28-11-2026 ইং
  • 55004 বার পঠিত
ঢাকার চারপাশের নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ
ছবির ক্যাপশন: ঢাকার চারপাশের নদীর দুই তীরে ১০০ মিটার সুরক্ষা বলয় বাস্তবায়নের উদ্যোগ।

ঢাকার চারপাশের নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ

রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে নতুন অবকাঠামো নির্মাণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নদীদূষণ ও দখল রোধের পাশাপাশি প্রস্তাবিত ইনার সার্কুলার রোড নির্মাণের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদ-নদী এবং সেগুলোর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদীর নাব্যতা বজায় রাখা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সেলের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নদীর দুই তীরের ১০০ মিটারের মধ্যে নতুন সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক)। সংশ্লিষ্ট নির্দেশনায় বলা হয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নগর পরিকল্পনাবিদদের মতে, এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে ঢাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পাশাপাশি শহরের গ্রিন-ব্লু নেটওয়ার্ক শক্তিশালী হওয়ার মাধ্যমে নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা কমাতেও সহায়তা করবে।

গ্রিন-ব্লু নেটওয়ার্ক বলতে নগরের সবুজ ও জলভিত্তিক এলাকাগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার ধারণাকে বোঝায়। এর মধ্যে রয়েছে পার্ক, গাছপালা, বনাঞ্চল, নদী, খাল, পুকুর ও অন্যান্য জলাশয়। এসব প্রাকৃতিক উপাদান পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকলে নগরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা সহজ হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বলেন, নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া প্রয়োজন ছিল। কারণ নদীর পাশে অপরিকল্পিত স্থাপনা গড়ে উঠলে বর্ষাকালে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না। এতে নগরে জলাবদ্ধতার সমস্যা বাড়ে।

তিনি আরও বলেন, নদীর নিজস্ব সৌন্দর্য ও পরিবেশগত গুরুত্ব রয়েছে। নগর ও জনপদের স্বার্থে নদী সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এ জন্য নদীর দুই পাশে সীমানা নির্ধারণ করে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান তৈরি করা যেতে পারে। সেখানে গাছপালা লাগানো, হাঁটাচলার ব্যবস্থা এবং বিনোদনের পরিবেশ গড়ে তোলার সুযোগ রয়েছে।

অধ্যাপক আখতার মাহমুদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারেও গাছ লাগানো এবং খাল ও নদী সংস্কারের প্রতিশ্রুতি ছিল। তাই অগ্রাধিকার ভিত্তিতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা প্রয়োজন।

সরকারের এ সিদ্ধান্তকে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন পরিবেশবিদরাও। তাদের মতে, পরিকল্পিতভাবে ১০০ মিটার সুরক্ষা বলয় বাস্তবায়ন করা গেলে নদী দখল ও দূষণ নিয়ন্ত্রণ, পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরের তাপমাত্রা সহনীয় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, নদীর প্রয়োজনীয়তা এবং সেগুলো দখলমুক্ত রাখার ক্ষেত্রে সরকারের এ সিদ্ধান্ত একটি ইতিবাচক বার্তা দেবে। তবে নদী দখল ও দূষণ বন্ধ করতে হলে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সেগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এদিকে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছে। রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম বলেন, নৌপথসংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভার সিদ্ধান্ত অনুযায়ী নদীর দুই তীরে ১০০ মিটারের সুরক্ষা বলয় বাস্তবায়নের দায়িত্ব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের ওপর রয়েছে।

তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীরবর্তী এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত কাজ করে থাকে। মোবাইল কোর্টের মাধ্যমেও এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। নদীতীরের সীমানা রক্ষণাবেক্ষণসহ সংশ্লিষ্ট কার্যক্রম বিআইডব্লিউটিএর আওতাধীন হওয়ায় তাদের সঙ্গে সমন্বয় করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক কাজ করতে পারে। এ বিষয়ে আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তবে ১০০ মিটার সুরক্ষা বলয় কার্যকর করতে নদীর প্রকৃত সীমানা নির্ধারণকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, নদীর কোন অংশ থেকে এই দূরত্ব পরিমাপ করা হবে, তা বৈজ্ঞানিক ও আইনগতভাবে নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে নদীর স্বাভাবিক গতিপথ, তীরভূমি এবং মৌসুমি পরিবর্তনের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে রাজউকের সদস্য শাহীনুর আলম জানান, বিআইডব্লিউটিএর স্থাপিত নদীতীরবর্তী সীমানা পিলার থেকে ১০০ মিটার দূরত্ব হিসাব করা হবে।

অন্যদিকে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার বলেন, ১৯৫০ সালের আইন অনুযায়ী নদীর সীমানা থেকে ৫০ মিটারের বাইরে নির্দিষ্ট এলাকায় কোনো ব্যক্তি বাড়ি বা স্থাপনা নির্মাণ করতে চাইলে বিআইডব্লিউটিএর অনুমতিপত্র প্রয়োজন হয়। এতদিন রাজউকও তাদের অনুমতি নিয়ে স্থাপনা নির্মাণের ছাড়পত্র দিয়ে আসছে।

তিনি আরও বলেন, সরকার বিদ্যমান ৫০ মিটারের সুরক্ষা দূরত্ব বাড়িয়ে ১০০ মিটার করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে পরিপত্র জারি হলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।

পরিবেশবিদদের মতে, নদী সংরক্ষণের এ উদ্যোগ সফল করতে হলে শুধু নির্মাণকাজ বন্ধ করলেই চলবে না। এর সঙ্গে ভূমি ব্যবহার পরিকল্পনা, নগর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়গুলোও সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, যথাযথ পরিকল্পনা, আইনের কার্যকর প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ঢাকার চারপাশে ১০০ মিটার সুরক্ষা বলয় গড়ে তোলার উদ্যোগ নদী ও জলাভূমি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency