প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
তিন বছরের বিরতি শেষে আবারও মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্বে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা। তবে নেতৃত্ব ফিরে পাওয়ার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা থেকে তিনি এই দায়িত্ব নেননি বলে জানিয়েছেন পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ক। বরং গত কয়েক মৌসুমের হতাশাজনক পারফরম্যান্স কাটিয়ে দলকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার তাগিদ থেকেই নেতৃত্ব গ্রহণে রাজি হয়েছেন তিনি।
আইপিএলের ২০২৭ আসরকে সামনে রেখে শুক্রবার রোহিতকে পুনরায় মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। পেসার অর্শদীপ সিংয়ের বিনিময়ে ট্রেডের মাধ্যমে পাঞ্জাব কিংসে যোগ দেওয়া হার্দিক পান্ডিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা এবং দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনার পরই এই সিদ্ধান্ত নেন রোহিত। তবে শুরুতে দায়িত্বটি গ্রহণের বিষয়ে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে রোহিত বলেন, শুরুতে তার মনে হয়েছিল, তিনি এখনই এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নন। বিষয়টি নিয়ে বাড়িতে ফিরে আরও ভাবতে চেয়েছিলেন। কারণ, ইতোমধ্যে অনেক কিছু ঘটে গেছে। তাই নতুন করে নেতৃত্ব নেওয়ার মতো মানসিক অবস্থায় আছেন কি না, তা নিয়ে সন্দেহ ছিল।
তবে শেষ পর্যন্ত দলের স্বার্থে এগিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি। রোহিতের ভাষায়, দলকে এই মুহূর্তে সঠিক দিকনির্দেশনা দেওয়া প্রয়োজন। সেই দায়িত্ব যদি তার ওপর আসে এবং তিনি দলকে সামনে এগিয়ে নিতে পারেন, তাহলে তিনি খুশি হবেন।
‘এটি আসল মুম্বাই ইন্ডিয়ানস নয়’
মুম্বাই ইন্ডিয়ানসের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেই রোহিতের এই প্রত্যাবর্তন। ২০২০ সালে শিরোপা জয়ের পর থেকে নিজেদের চেনা ছন্দ হারিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি।
রোহিতের নেতৃত্বে ২০২১ সালে পঞ্চম এবং ২০২২ সালে দশম স্থানে থেকে আসর শেষ করে মুম্বাই। ২০২৩ সালে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠলেও ওই বছরই নেতৃত্বে পরিবর্তন আনে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। রোহিতের জায়গায় অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে।
তবে নেতৃত্ব পরিবর্তনের পরও প্রত্যাশিত সাফল্য আসেনি। ২০২৪ সালে দশম, ২০২৫ সালে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২০২৬ মৌসুমে নবম স্থানে থেকে আসর শেষ করে মুম্বাই।
দলের এমন পারফরম্যান্সে খেলোয়াড়রাও হতাশ ছিলেন বলে জানান রোহিত। তিনি বলেন, আইপিএল শেষ হওয়ার পর দলের মধ্যে প্রচণ্ড হতাশা কাজ করছিল। শুধু তিনি নন, আরও অনেক খেলোয়াড়ই দলের খেলার ধরন নিয়ে সন্তুষ্ট ছিলেন না।
রোহিতের মতে, এটি সেই মুম্বাই ইন্ডিয়ানস নয়, যে দল একসময় সাফল্যের শীর্ষে ছিল। দলকে আবারও পুরোনো অবস্থানে ফিরিয়ে নিতে হবে।
৩৯ বছর বয়সী এই ব্যাটারের মতে, প্লে-অফে জায়গা করে নিতে না পারার চেয়েও দল হিসেবে ভালো খেলতে না পারাটাই ছিল বড় হতাশার বিষয়। খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছিলেন না। প্রতিপক্ষের চাপ সামলাতেও ব্যর্থ হচ্ছিল পুরো দল। এটি শুধু দু-একজন খেলোয়াড়ের ব্যর্থতা ছিল না, বরং দলীয় ব্যর্থতা ছিল।
নিজের গড়া দলকে ফেরানোর চ্যালেঞ্জ
ফ্র্যাঞ্চাইজি মালিক আকাশ আম্বানি ও ব্যবস্থাপনার অন্য সদস্যদের সঙ্গে আলোচনার আগে নিজের স্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন রোহিত। এক দশকের বেশি সময় ধরে দলটিকে নেতৃত্ব দেওয়া এবং মুম্বাইয়ের প্রতি ভালোবাসা থেকেই আবারও চ্যালেঞ্জটি গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।
রোহিত বলেন, সবকিছু বিবেচনা করার পর তার মনে হয়েছে, এই দলটি তার নিজের গড়া। দীর্ঘ ১০ বছর তিনি দলটিকে নেতৃত্ব দিয়েছেন। তাই আবারও সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সময় এসেছে।
গত পাঁচ মৌসুমের মধ্যে তিনবার মুম্বাইকে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকতে দেখাটা তার জন্য কষ্টের ছিল। ২০২২ সালে তার নেতৃত্বেই দলটি দশম হয়েছিল। এরপর ২০২৪ ও ২০২৬ সালেও হতাশাজনক অবস্থানে থেকে আসর শেষ করে ফ্র্যাঞ্চাইজিটি।
রোহিতের ভাষায়, এটি মুম্বাই ইন্ডিয়ানসের আসল পরিচয় নয়। দলটি এমন পারফরম্যান্সের জন্য পরিচিত নয়।
পরিসংখ্যান ও আগামীর চ্যালেঞ্জ
২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়ার পর দলটিকে পাঁচবার আইপিএল শিরোপা জিতিয়েছেন রোহিত। তার নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয় ফ্র্যাঞ্চাইজিটি।
সাবেক দল ডেকান চার্জার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত ২৮১ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ৪৯টি হাফ সেঞ্চুরিসহ ৭ হাজার ৩২৯ রান করেছেন। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। তার ওপরে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। ২৮৩ ম্যাচে কোহলির সংগ্রহ ৯ হাজার ৩৩৬ রান।
তবে অধিনায়কত্বে ফিরেই রাতারাতি সবকিছু বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন না রোহিত। তার মতে, বিভিন্ন পরিবেশ থেকে আসা খেলোয়াড়দের একসঙ্গে নিয়ে দল পরিচালনা করা কঠিন কাজ। বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতায় এই চ্যালেঞ্জ আরও বেশি।
রোহিত বলেন, তিনি দায়িত্ব নিয়েছেন বলেই যে মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যাবে, এমন দাবি করবেন না। একটি দলকে নেতৃত্ব দেওয়া কখনোই সহজ নয়। আইপিএলে বিভিন্ন ধরনের খেলোয়াড় একসঙ্গে খেলায় কাজটি আরও কঠিন হয়ে ওঠে।
তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে মুম্বাইকে পুরোনো গৌরব ফিরিয়ে দিতে প্রস্তুত তিনি। ফ্র্যাঞ্চাইজিটির এক বিবৃতিতে রোহিত জানান, আইপিএলের ২০তম আসর ও সামনের চ্যালেঞ্জগুলোর জন্য তিনি প্রস্তুত। সমর্থকদের উদযাপনের অনেক মুহূর্ত উপহার দিতে চান। নিজেদের চেনা ধারার ক্রিকেট খেলা, একসঙ্গে লড়াই করা এবং খেলাটিকে উপভোগ করাই হবে দলের মূল লক্ষ্য।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |